মিরপুরের হারে কষ্ট পাচ্ছেন ইনজামাম
ঢাকা: ১৬ বছর পর বাংলাদেশের বিপক্ষে হারে কষ্ট পাচ্ছেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান ইনজামাম উল হক। দেশের ক্রিকেট নিয়ে বেশ চিন্তিতও ‘মুলতানের সুলতান’।
শনিবার মুলতানে এক সংবাদ সম্মেলনে ইনজামাম বলেন, “পাকিস্তান ক্রিকেটের বর্তমান অবস্থা সবাইকে চিন্তিত করে তুলেছে। এখন বিষয়টির দিকে কড়া নজর দেয়া দরকার। শুক্রবার বাংলাদেশের বিপক্ষে হেরেছি আমরা। সেটাও ১৬ বছর পরে। সুতরাং এটা স্পষ্ট যে আমাদের ক্রিকেট কোথায় যাচ্ছে। শিগগির এই পরিস্থিতির বদল করতে হবে।”
পাকিস্তানের হয়ে ১২০ টেস্ট ও ৩৭৮ ওয়ানডে খেলা ইনজি আরো যোগ করেন, “এখন পরবর্তী বিশ্বকাপের দিকে চোখ দেয়া দরকার আমাদের। কারণ ততোদিনে বিশ্বকাপ জয়ের ২৭ বছর সময় অতিক্রান্ত হয়ে যাবে।”
প্রসঙ্গত, পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় সফরকারীদের ৭৯ রানের হারিয়েছে বাংলাদেশ। আর তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। আজ রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে দল দুটি এখন লড়ছে।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








