News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩০, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:৪২, ১৯ জানুয়ারি ২০২০

মেসির ৪০০তম গোলে বার্সার জয়

মেসির ৪০০তম গোলে বার্সার জয়

ঢাকা: বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসির ৪০০তম গোলের দিনে ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়েছে লুইস এনরিকের শিষ্যরা। শনিবার স্প্যানিশ লা লিগার খেলায় কাতালনদের পক্ষে অন্য গোলটি লুইস সুয়ারেজের।

নু ক্যাম্পের ম্যাচে কিকঅফের প্রথম মিনিটেই এগিয়ে গিয়েছিল বার্সা। রেফারি ম্যাচ শুরুর বাঁশি বাজানোর পর কয়েকটি পাসে মেসির কাছে বল যায়। হালকা পুশে আর্জেন্টাইন ফুটবল যাদুকর তা ঠেলে দেন লুইস সুয়ারেজের কাছে। ঠাণ্ডা মাথায় তা প্রতিপক্ষের জালে পাঠান উরুগুয়ান সেন্টার ফরোয়ার্ড। উদ্বেল হয়ে ওঠে বার্সার হোম ভেন্যু।

এরপর খেলার নবম মিনিটে ম্যাচে ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল মাস্তেয়া স্টেডিয়ামের অধিবাসীরা। যখন রডরিগো বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকের কাছে ফাউলের শিকার হন। পেনাল্টির নির্দেশ দেয় রেফারি। তবে স্পট কিক থেকে গোল আদায়ে ব্যর্থ হন সফরকারী দলের অধিনায়ক পারেজো।

আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা যখন শেষের লগ্নে, তখন ম্যাচ শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে মাঝ মাঠ থেকে নেইমারের বাড়ানো বলে ভ্যালেন্সিয়ার আগুয়ান গোলকিপারকে পরাস্ত করেন মেসি। ৪০০ গোল হয় মেসির। অবশ্য প্রথম চেষ্টায় এমএলটেনকে রুখে দিয়েছিল ব্রাজিলিয়ান গ্লাভসম্যান। কিন্তু দ্বিতীয় প্রচেষ্টায় আর পারেননি।

এই ম্যাচ শেষে স্প্যানিশ লিগের শীর্ষে থাকা বার্সার দখলে ৭৮ পয়েন্ট। ৩২ ম্যাচ খেলেছে তারা। এক ম্যাচ কম খেলে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থলেতে ৭৩ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পকেটে ৬৬। আর চতুর্থ স্থানে থাকা ভ্যালেন্সিয়ার সংগ্রহ ৬৫।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়