News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৪৭, ১৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:৩৭, ১৯ জানুয়ারি ২০২০

কোয়ার্টার থেকেই বিদায়ের শঙ্কা বায়ার্নের

কোয়ার্টার থেকেই বিদায়ের শঙ্কা বায়ার্নের

ঢাকা: জার্মান চ্যাম্পিয়নদের দুঃস্বপ্ন উপহার দিল এফসি পোর্তো।

বুধবার পোর্তোর এস্টাডিও ডো ড্রাগাওয়ে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে বায়ার্ন মিউনিখকে ৩-১ গোলে হারিয়েছে পর্তুগিজ ক্লাবটি। যার ফলে ইউরোপের কুলীন প্রতিযোগিতার শেষ আট থেকেই বিদায়ের শঙ্কা জেগেছে ২০১৩ সালের চ্যাম্পিয়নদের।

ঘরের মাঠে খেলার তৃতীয় মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক পোর্তো। কিকঅফের দ্বিতীয় মিনিটেই দারুণ এক আক্রমণ শানায় ২০১৩ সালের পর্তুগাল চ্যাম্পিয়নরা। সেই আক্রমণ থেকে গোলও পেতে পারত তারা। কিন্তু আগুয়ান জ্যাকসন মার্টিনেজকে নিজেদের ডি বক্সে ফেলে দেন বায়ার্ন গোলকিপার ম্যানুয়েল ন্যুয়ার। ফলে পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। সেই স্পট কিক থেকেই পর্তুগিজ মিডফিল্ডার রিকার্ডো কুয়ারেসমা দলকে এগিয়ে নেন।

ঘড়ির কাঁটায় দশ মিনিট অতিক্রান্ত না হতেই আবারো মাথায় হাত বায়ার্ন সমর্থকদের। সেই কুয়ারেসমা প্রতিপক্ষের বক্সের সামনে বল পেয়ে ডান পায়ের মাপা শটে আবারো ফাঁকি দেন ন্যুয়ারকে। ফলে খেলার ৮০ মিনিট বাকি থাকতেই ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বায়ার্ন। এরপর খেলায় ফেরার জন্য একটা গোল প্রয়োজন ছিল জার্মান চ্যাম্পিয়নদের। সেই উপযুক্ত কাজটা করেন থিয়াগো আলকান্ত্রা। জেরোম বোয়েটাংয়ের নিকট থেকে বল পেয়ে খেলার ২৭ মিনিটে লক্ষ্যভেদ করেন সাবেক বার্সা মিডফিল্ডার।

কিন্তু দ্বিতীয়ার্ধ থেকে ফিরে খেলার ৬৪ মিনিটে আবার গোলের দেখা পায় পোর্তো। এবার স্কোরশিটে নাম তোলেন জ্যাকসন মার্টিনেজ। অ্যালেক্স সান্দ্রোর নিকট থেকে বল পেয়ে ডান পায়ের মাটি স্পর্শ করা শটে বক্সের বাম প্রান্ত দিয়ে লক্ষ্যভেদ করেন কলম্বিয়ান তারকা। এরপর আর কোন দলই গোলের দেখা পায়নি। ফলে ৩-১ ব্যবধানে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় বায়ার্নকে।

এই ম্যাচ জয়ের পর পোর্তো ম্যানেজার জুলেন লোপেতুগুই বলেন, “বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করেছি। কিন্তু এখনো সবচেয়ে কঠিন কাজটাই বাকি রয়েছে। পরের পর্বে যাওয়ার জন্য মিউনিখে গিয়ে কঠিন পরীক্ষা দিতে হবে আমাদের।”

অন্যদিকে ম্যাচ হারা বায়ার্ন কোচ পেপ গার্দিওলা বলছেন, “এখনো এক পর্ব বাকিই আছে। হ্যাঁ, এই হারে আমরা খুবই হতাশ। কিন্তু এটা বিশ্লেষণের জন্য আমাদের হাতে এখনো ছয়দিন বাকি রয়েছে।”শেষে দলের খেলোয়াড়দের ইনজুরি সমস্যাকেও দোষেন সাবেক বার্সা ম্যানেজার।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়