পাকিস্তানের বিপক্ষে সাব্বিরের ঝড়ো শতক
ঢাকা: বিশ্বকাপের উড়ন্ত ফর্মটাকে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও টেনে আনার আভাস দিচ্ছেন সাব্বির রহমান। বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে পাকিস্তানের ছুঁড়ে দেয়া ২৬৯ রান তাড়া করতে নেমে প্রস্তুতি ম্যাচে ঝড়ো শতক তুলে নিয়েছেন বিসিবি একাদশের ব্যাটসম্যান।
আগামী শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের পরীক্ষা নেবে বাংলাদেশ। চূড়ান্ত লড়াইয়ের আগে বুধবার পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে বিসিবি একাদশ। সেই ম্যাচেই জ্বলে উঠলেন সাব্বির। ক্যারিয়ারের অন্যতম সেরা এক ইনিংস উপহার দিয়ে সেঞ্চুরির সৌরভ ছড়ালেন টাইগার ব্যাটসম্যান। এদিন ৮৪ বলে ১০০ রান করেন সাব্বির।
এ প্রতিবেদন লেখার সময় ৯৬ বলে ১২০ রান করে অপরাজিত আছেন সাব্বির। আটটি ছয় ও সাতটি চারে ঝলমলে ইনিংস সাজান তিনি। বাংলাদেশ এখন পর্যন্ত ৩৭.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করেছে। এর আগে প্রথমে ব্যাট করা পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্রহ করে। এদিন ব্যাটিংয়ে তামিম ইকবাল ও রনি তালুকদার নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে পারেননি। তামিম ৯ রান করেছেন। রনি শূন্য রানে আউট হন।
প্রসঙ্গত, সাব্বির অস্ট্রেলিয়া বিশ্বকাপেও অসাধারণ ক্রিকেট খেলেছেন। গত বছরের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় তার। আন্তর্জাতিক অভিষেকেই ২৫ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। এরপর থেকে জাতীয় দলের হয়ে মোট ১১টি ম্যাচ খেলেছেন। সবগুলো ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন রাজশাহীর ব্যাটসম্যান।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে
নিউজবাংলাদেশ.কম








