News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৩৫, ১ এপ্রিল ২০২৬

সাফ অনূর্ধ্ব-২০: নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০: নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের আধিপত্য ধরে রেখে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ। 

বুধবার মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা নির্ধারণী মঞ্চে জায়গা করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের ১১ মিনিটে মোহাম্মদ মানিকের করা দর্শনীয় হেডে জয় নিশ্চিত হয় বর্তমান চ্যাম্পিয়নদের। ২০২৪ সালের অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে এবারও শিরোপা ধরে রাখার মিশনে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। প্রধান কোচ মার্ক কক্সের অনুপস্থিতিতে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর নির্দেশনায় মাঠের নিয়ন্ত্রণে নেপালের চেয়ে যোজন যোজন এগিয়ে ছিল বাংলাদেশের যুবারা। খেলার মাত্র ১১ মিনিটেই কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায় তারা। ডান প্রান্ত থেকে মুর্শেদ আলীর নিখুঁত ও হাওয়ায় ভাসানো চিপে বক্সের ভেতর লাফিয়ে উঠে চমৎকার হেডে বল জালে জড়ান মানিক। গোলরক্ষক পেম্বা নুরবুকে পরাস্ত করে মানিকের এই গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। এর কিছুক্ষণ পরই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসেছিল; ১৩ মিনিটে যুক্তরাষ্ট্রপ্রবাসী ফুটবলার রোনান বেঞ্জামিন সুলিভান বল জালে পাঠালেও সহকারী রেফারির অফসাইডের সংকেতে তা বাতিল হয়, যা নিয়ে বাংলাদেশের ডাগআউটে ক্ষোভ দেখা দেয়।

 

পুরো প্রথমার্ধ জুড়েই নেপালের রক্ষণভাগকে ব্যতিব্যব্যস্ত করে রাখে বাংলাদেশের ফরোয়ার্ডরা। ২১ মিনিটে নাজমুল হুদা ফয়সালের একটি নিশ্চিত হেড নেপালি গোলরক্ষক অবিশ্বাস্য ক্ষিপ্রতায় রুখে দেন। ৩৮ মিনিটে মুর্শেদ আলীর নেওয়া একটি শক্তিশালী বুলেট গতির শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে গেলে আক্ষেপ বাড়ে বাংলাদেশের। অন্যদিকে, বিরতির আগে নেপাল একবার সুযোগ পেলেও গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিনের দক্ষতায় তা নস্যাৎ হয়ে যায়। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় গতবারের চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ান্ধের শুরুতেই ৫২ মিনিটে গোলদাতা মানিক চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়লে কিছুটা ধাক্কা খায় বাংলাদেশ। তার পরিবর্তে মাঠে নামেন জয় আহমেদ। এই অর্ধে নেপাল সমতায় ফিরতে মরিয়া হয়ে আক্রমণ বাড়ালেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল অত্যন্ত দৃঢ়। বিশেষ করে ৬০ মিনিটে নেপালের বিজ্ঞান খাদকার ফ্রি-কিক ক্রসবারের ওপরের জালে লাগলে অল্পের জন্য রক্ষা পায় বাংলাদেশ। ম্যাচের ৮৭ মিনিটে ঘটে এক ঐতিহাসিক মুহূর্ত; রোনান সুলিভানের ভাই ডেকলান সুলিভানের অভিষেক হয় লাল-সবুজ জার্সিতে। দুই ভাইয়ের যুগলবন্দীতে শেষ দিকে বেশ কিছু আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। ইনজুরি টাইমের শেষ মুহূর্তে সুমন সরেন গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হলে ব্যবধান আর বাড়েনি।

সাফের এই টুর্নামেন্টে নেপালের বিপক্ষে বাংলাদেশের আধিপত্য দীর্ঘদিনের। এর আগে ২০২৪ সালের ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারিয়ে প্রথম শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখল তরুণ ফুটবলাররা। আগামী শনিবারের মেগা ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হবে আজ রাতে অনুষ্ঠিতব্য ভারত ও ভুটানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের ফলাফলের পর। বর্তমান পারফরম্যান্স বিচারে শিরোপা ধরে রাখার লড়াইয়ে বাংলাদেশকেই পরিষ্কার ফেবারিট মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়