পেনাল্টি নাটকে ইতালির স্বপ্নভঙ্গ
ছবি: সংগৃহীত
জেনিৎসার বিলিনো পোলি স্টেডিয়ামে যেন ভাগ্য মুখ ফিরিয়ে নেয় ইতালির কাছ থেকে। ১২ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপে ফেরার স্বপ্ন নিয়ে মাঠে নামা আজ্জুরিরা শেষ পর্যন্ত থেমে যায় পেনাল্টি শ্যুটআউটে। ফলে টানা তৃতীয়বারের মতো ফুটবলের মহাযজ্ঞে দর্শক হয়েই থাকতে হচ্ছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
প্লে-অফ ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। প্রথমার্ধে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে গোল হজম করে ইতালি। অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে শুরু থেকেই এগিয়ে ছিল বসনিয়া ও হার্জেগোভিনা। প্রথম শটে গোল করেন বেঞ্জামিন তাহিরোভিচ। বিপরীতে ইতালির পিও এস্পোসিতো শট মিস করেন। দ্বিতীয় শটে দুদলই সফল হলেও তৃতীয় শটে বসনিয়া গোল পেলে মিস করেন ইতালির ব্রায়ান ক্রিস্টান্তে। চতুর্থ শটে গোল করে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বসনিয়া, আর তাতেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয় তাদের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল ইতালি। ১৫তম মিনিটে ময়েস কিনের দুর্দান্ত ফিনিশিংয়ে এগিয়ে যায় তারা। তবে প্রথমার্ধের শেষদিকে বড় ধাক্কা খায় দলটি। ৪২তম মিনিটে এডিন জেকোকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি।
একজন কম নিয়ে খেলায় দ্বিতীয়ার্ধে চাপে পড়ে ইতালি। যদিও গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা কয়েকটি নিশ্চিত গোল রুখে দেন, তবে ৮২তম মিনিটে আর রক্ষা হয়নি। জেকো ও ডেমিরোভিচদের যৌথ আক্রমণ থেকে সমতা ফেরায় বসনিয়া।
আরও পড়ুন: ‘রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য’
পরবর্তীতে অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে, যেখানে ভাগ্য সহায় হয়নি ইতালির।
নিউজবাংলাদেশ.কম/এসবি








