‘রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য’
ছবি: সংগৃহীত
দেশের ক্রীড়াঙ্গনকে যাবতীয় রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানিয়েছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াঙ্গনে আমূল পরিবর্তন চান, যেখানে রাজনীতির পরিবর্তে প্রাধান্য পাবে প্রকৃত মেধা।
মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত পর্ষদ সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য কেবল খেলাধুলা নয়, বরং খেলোয়াড়রা যেন একে একটি স্থায়ী পেশা হিসেবে গ্রহণ করতে পারে।
তিনি উল্লেখ করেন, শুধু সাময়িক ভাতা বা সম্মাননা দেওয়া বড় কথা নয়; বড় লক্ষ্য হলো ভবিষ্যৎ খেলোয়াড়দের জন্য এমন একটি ব্যবস্থা তৈরি করা, যেখানে খেলাধুলাই তাদের জীবনজীবিকার নির্ভরযোগ্য মাধ্যম হতে পারে। প্রধানমন্ত্রী সেই ভাবনা থেকেই কর্মপরিকল্পনা শুরু করেছেন।
আরও পড়ুন: বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী
ক্রীড়া ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের নেতিবাচক দিক তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, অতীতে রাজনীতির কারণে অনেক মেধাবী খেলোয়াড় জাতীয় দল থেকে বাদ পড়েছেন, যা অত্যন্ত দুঃখজনক।
তিনি জোর দিয়ে বলেন, আমরা সবসময় বিশ্বাস করি খেলাধুলায় কোনো রাজনীতি থাকা উচিত নয়। রাজনীতির ঊর্ধ্বে উঠে যদি আমরা ক্রীড়াঙ্গনকে মেধার ভিত্তিতে পরিচালনা করতে পারি, তবেই আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সাফল্য নিশ্চিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানেরও এটাই চাওয়া।
দেশের ক্রীড়া ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে তিনি বর্তমান তরুণ ক্রীড়ামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের বর্তমান ক্রীড়ামন্ত্রী নিজেও একজন দক্ষ ও বরেণ্য ফুটবলার ছিলেন এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করেছেন। একজন সাবেক খেলোয়াড় হিসেবে তিনি এই সংকটের গভীরতা বুঝবেন। আমি তাকে অনুরোধ করব, তিনি যেন ক্রীড়াঙ্গনকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারকি করেন।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন কমিটির সঙ্গে এই মতবিনিময় সভায় তিনি আশা প্রকাশ করেন যে, পেশাদারিত্ব ও সঠিক নেতৃত্বের মাধ্যমে দেশের ক্লাব ফুটবলসহ সকল ক্ষেত্রে হারানো গৌরব ফিরে আসবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








