News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৯, ২৯ মার্চ ২০২৬
আপডেট: ১২:৩২, ২৯ মার্চ ২০২৬

‘নো কিংস’ আন্দোলনে যুক্তরাষ্ট্রজুড়ে লাখো মানুষের ঢল

‘নো কিংস’ আন্দোলনে যুক্তরাষ্ট্রজুড়ে লাখো মানুষের ঢল

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি ও প্রশাসনিক সিদ্ধান্তের বিরুদ্ধে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক গণবিক্ষোভ। ‘নো কিংস’ শিরোনামের এই আন্দোলনে প্রায় ৮০ লাখ মানুষ অংশ নিয়েছেন বলে দাবি করেছেন আয়োজকরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি তৃতীয় দফার বড় দেশব্যাপী আন্দোলন।

আয়োজকদের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের অন্তত ৩ হাজার ৩০০টি স্থানে একযোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও ওয়াশিংটন ডিসির মতো বড় শহরগুলোতে লাখো মানুষের উপস্থিতি দেখা গেছে। একই সঙ্গে সংহতি জানিয়ে রোম, প্যারিস ও বার্লিনসহ ইউরোপের বিভিন্ন শহরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

এবারের আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে বেছে নেওয়া হয়েছে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস-সেন্ট পল অঞ্চলকে। গত বছরের ডিসেম্বরে এখানে ‘অপারেশন মেট্রো সার্জ’ নামে একটি কঠোর অভিবাসনবিরোধী অভিযান পরিচালনা করে ট্রাম্প প্রশাসন। ওই অভিযানে প্রায় তিন হাজার ফেডারেল এজেন্ট মোতায়েন করা হয় এবং অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ ওঠে।

চলতি বছরের জানুয়ারিতে ওই অভিযানের সময় দুই নিরপরাধ মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। শনিবার (২৮ মার্চ) অনুষ্ঠিত সমাবেশে নিহতদের স্মরণে বিশেষ শোক কর্মসূচি পালন করা হয়।

এর আগে গত জুন ও অক্টোবরেও ‘নো কিংস’ শিরোনামে দেশজুড়ে বড় বিক্ষোভ হয়েছিল। তবে এবারের সমাবেশ অংশগ্রহণের দিক থেকে রেকর্ড গড়েছে বলে দাবি করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এই বৃহৎ গণআন্দোলন ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে।

মিনিয়াপোলিসের মূল সমাবেশে প্রগতিশীল সিনেটর বার্নি স্যান্ডার্সের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এছাড়া সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিন ও জোয়ান বায়েজ অংশগ্রহণকারীদের উজ্জীবিত করতে সংগীত পরিবেশন করবেন বলে জানা গেছে।

আরও পড়ুন: ইরান যুদ্ধে প্রথমবার ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

এদিকে ওয়াশিংটন ডিসিতে লিংকন মেমোরিয়াল ও ওয়াশিংটন মনুমেন্ট এলাকায় হাজারো বিক্ষোভকারী জড়ো হয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করছেন। তাদের দাবি, মানবাধিকারবিরোধী ও বৈষম্যমূলক অভিবাসন নীতির দ্রুত সংস্কার করতে হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়