বিএনপির তিন নেতাকে সব দলীয় পদ থেকে বহিষ্কার
ফাইল ছবি
পাবনার সুজানগরে দলীয় অভ্যন্তরীণ কোন্দল, সন্ত্রাস ও রক্তক্ষয়ী সংঘর্ষে সংশ্লিষ্টতার অভিযোগে তিন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাংগঠনিক ব্যবস্থার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃতরা হলেন সুজানগর উপজেলার ভিটবিলা ওয়ার্ড বিএনপির সদস্য ইসলাম খান, ঠান্ডু খান ও সন্টু খান। তাদের দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: টাঙ্গাইলে বিএনপির দুই নেতা বহিষ্কার
উল্লেখ্য, গত ২৩ মার্চ ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে বিএনপির দুই গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে এক গৃহবধূ নিহত হন এবং অন্তত ১০ জন আহত হন। নিহত চায়না খাতুন (৪০) ওই গ্রামের শুকুর আলীর স্ত্রী।
দলীয় সূত্র জানায়, এই পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে দলের অভ্যন্তরীণ শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে এবং ভবিষ্যতে এ ধরনের সহিংস ঘটনা প্রতিরোধ করা যায়।
নিউজবাংলাদেশ.কম/পলি








