News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩২, ৪ এপ্রিল ২০২৬

একদিনে মার্কিন-ইসরায়েলি ৫ বিমান ও ড্রোন ভূপাতিত, দাবি ইরানের 

একদিনে মার্কিন-ইসরায়েলি ৫ বিমান ও ড্রোন ভূপাতিত, দাবি ইরানের 

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর ৩৫তম দিনে ব্যাপক প্রতিরোধের দাবি করেছে ইরান। 

শুক্রবার (৩ এপ্রিল) দেশটির আকাশসীমায় প্রবেশ করা এবং জলসীমায় মহড়া দেওয়া মার্কিন-ইসরায়েলি বিমানবাহিনীর ওপর প্রতিশোধমূলক আঘাত হানার খবর দিয়েছে ইরানি সশস্ত্র বাহিনী।

ইরানের সরকারি গণমাধ্যম এ দিনটিকে ‘মার্কিন-ইসরাইলি বিমানবাহিনীর কালো দিন’ হিসেবে অভিহিত করেছে। আইআরজিসি (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর) জানায়, সংস্থার অ্যারোস্পেস ডিফেন্স ফোর্স খোমেইন ও জানজান অঞ্চলের আকাশসীমায় দুটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে।

এছাড়া ইসফাহানের আকাশসীমায় দুটি ‘এমকিউ-৯ অ্যাটাক ড্রোন’ এবং বুশেহরের উপকূলীয় এলাকায় একটি ইসরায়েলি ‘হারমেস ড্রোন’ ভূপাতিত হয়েছে। আইআরজিসি জানিয়েছে, দেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিটি প্রতিরোধ অভিযান শতভাগ সফল হয়েছে।

দিনের সবচেয়ে বড় অভিযানে মধ্য ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। পাইলটের সন্ধানে পাহাড়ি এলাকায় অভিযান চলছে। পাশাপাশি, হরমুজ প্রণালির নিকটবর্তী দক্ষিণাঞ্চলীয় জলসীমায় একটি ভারী মার্কিন ‘এ-১০ ওয়ার্থগ’ যুদ্ধবিমানও ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, নিহত ৮

বিগত এক মাস ধরে মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার ও সামরিক শক্তি প্রদর্শনের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একাধিক বিমান হামলা চালাচ্ছে। এ হামলায় ইতিমধ্যেই ইরানের তৎকালীন শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ সহস্রাধিক ব্যক্তি নিহত হয়েছেন। তবে ইরান থেমে না থেকে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিধ্বংসী প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়