News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩৩, ৪ এপ্রিল ২০২৬
আপডেট: ১৬:২৩, ৪ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে ৩৫ দিনে ২৪৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

চট্টগ্রামে ৩৫ দিনে ২৪৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান রাজনৈতিক ও সামরিক সংকটের কারণে আন্তর্জাতিক আকাশপথে সৃষ্টি হওয়া ভয়াবহ অনিশ্চয়তার সরাসরি প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত মাত্র ৩৫ দিনে মোট ২৪৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) আরও ৬টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, এয়ার আরাবিয়ার ২টি এবং সালাম এয়ারের ২টি অন্তর্ভুক্ত ছিল, যেগুলো মূলত সংযুক্ত আরব আমিরাত ও ওমানগামী।

শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশসীমায় যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রের চলাচল বেসামরিক রুটগুলোকে চরম ঝুঁকিতে ফেলেছে। এর ফলে শারজা, দুবাই ও আবুধাবি রুটে বেসামরিক বিমান চলাচল স্থবির হয়ে পড়েছে।

ফ্লাইট বাতিলের কারণে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও পর্যটকরা ভোগান্তিতে পড়েছেন। অনেকেই জরুরি ছুটিতে দেশে আসার পর আটকা পড়েছেন, আবার কেউ কেউ নতুন ভিসা বা কর্মস্থলে যোগদানের সময় ঘনিয়ে আসায় অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে সংঘাতে ৬ বাংলাদেশি প্রবাসী নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, পরিস্থিতির উন্নতি এবং আকাশপথের নিরাপত্তা কবে স্বাভাবিক হবে, সেটাই এখন বিমানবন্দর কর্তৃপক্ষ ও যাত্রীদের প্রধান উদ্বেগের বিষয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়