News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫১, ৪ এপ্রিল ২০২৬
আপডেট: ১৬:২১, ৪ এপ্রিল ২০২৬

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। ১৮ ঘণ্টার ব্যবধানে এই দুই মৃত্যুর ঘটনায় জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।

শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আট মাস বয়সী ইব্রাহিম মারা যায়। একইদিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আইজা (৫ মাস ২০ দিন) নামে আরেক শিশুর মৃত্যু হয়।

ইব্রাহিম দৌলতপুর উপজেলার চঞ্চল হোসেনের ছেলে। সে হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে শুক্রবার বিকেলে হাসপাতালে ভর্তি হয়েছিল। অন্যদিকে আইজা শহরের রেনউইক এলাকার মমিনুর রহমানের মেয়ে। সে চার দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম জানান, ইব্রাহিম হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। অপরদিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, আইজাও একই রোগে আক্রান্ত হয়ে ৩০ মার্চ হাসপাতালে ভর্তি হয়েছিল।

এর আগে শুক্রবার ভোরে একই হাসপাতালে হামে আক্রান্ত হয়ে আফরান (৮ মাস) নামে আরেক শিশুর মৃত্যু হয়।

আরও পড়ুন: রাজধানীতে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২০ জন রোগী হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ পর্যন্ত মোট ৩২০ জনের হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ২৩০ জন চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ৫-৬ জন শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়