‘রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত হয়নি’
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন। ছবি: সংগৃহীত
দেশের চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের যে খবরটি ছড়িয়েছে, তাকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বিষয়টি স্পষ্ট করেছেন সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন।
তিনি বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান কীভাবে দোকান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এবং তা প্রচার করেছে, তা আমাদের সমিতির অনুমোদিত নয়। বাংলাদেশ দোকান মালিক সমিতি এখনও এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।
তিনি আরও জানান, আগামী ৪ এপ্রিল দুপুরে জ্বালানি মন্ত্রী একটি গুরুত্বপূর্ণ সভা আহ্বান করেছেন।
আরও পড়ুন: রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
এতে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং জ্বালানি প্রতিমন্ত্রী। সভায় যোগ দিতে ইতিমধ্যে দেশের সকল জেলা সমিতির প্রতিনিধি ঢাকায় পৌঁছাবেন এবং যোগ দেবেন। এরপর সারা দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক একটি যৌথ সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করা হবে।
এর আগে গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের তথ্য জানানো হয়েছিল। ওই বিজ্ঞপ্তিতে নাজমুল ইসলাম মাহমুদ এবং আরিফুল ইসলাম টিপু নামে দুই ব্যক্তিকে সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছিল, এবং দুজনের স্বাক্ষরও ছিল। তবে সমিতির বর্তমান সভাপতি মো. হেলাল উদ্দিন স্পষ্ট করে জানিয়েছেন, এই তথ্য বিভ্রান্তিকর এবং সমিতির অনুমোদিত নয়।
নিউজবাংলাদেশ.কম/পলি








