News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:১৬, ৩১ মার্চ ২০২৬

এপ্রিলেও বাড়ছে না জ্বালানি তেলের দাম

এপ্রিলেও বাড়ছে না জ্বালানি তেলের দাম

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হলেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এপ্রিল মাসেও ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন আগের নির্ধারিত দামেই বিক্রি হবে। 

মঙ্গলবার (৩১ মার্চ) মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে, যা ১ এপ্রিল থেকে মাসজুড়ে বলবৎ থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত) অনুযায়ী এপ্রিল মাসে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা রাখা হয়েছে। আগের মাসের মতোই দাম অপরিবর্তিত থাকবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পুরো এপ্রিল মাস জুড়ে কার্যকর থাকবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ডিজেলের তুলনায় দেশে অকটেন ও পেট্রলের ব্যবহার কম থাকায় দাম ও সরবরাহ ব্যবস্থাপনা সহজ হচ্ছে। দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই ডিজেল, যা মূলত কৃষি সেচ ও গণপরিবহন খাতে ব্যবহৃত হয়। তাই সরকারের জন্য ডিজেলের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখা অগ্রাধিকার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। সরকারি ভাণ্ডারে ৩০ মার্চ পর্যন্ত ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল মজুদ রয়েছে। এছাড়াও এপ্রিল মাসে প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল আমদানির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

তার মতে, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদের কারণে আসন্ন মাসে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই। তিনি আরও বলেন, নিয়মিত আমদানির মাধ্যমে জ্বালানির সরবরাহ অব্যাহত রয়েছে এবং হজ মৌসুমের জন্য জেট ফুয়েলের মজুতও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও পড়ুন: মালয়েশিয়া থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘পিভিটি সোলানা’

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারের বর্তমান মূল্যের সঙ্গে সমন্বয় করলে ডিজেলের দাম প্রায় ২০০ টাকা হওয়ার কথা। তবে সরকার দাম না বাড়ালে এপ্রিল মাসে প্রায় ৫ হাজার কোটি টাকার ভর্তুকি দিতে হতে পারে। 
জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু) সংসদে জানান, এক মাসে বিশ্ববাজারে ডিজেলের দাম প্রায় ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি লিটার ডিজেল আমদানিতে খরচ হচ্ছে প্রায় ১৯৮ টাকা, আর অকটেন ১২০ টাকায় বিক্রি হলেও সরকারের ব্যয় পড়ছে ১৫০ টাকা ৭২ পয়সা।

মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি চলমান থাকায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। হরমুজ প্রণালিতে ইরান নিয়ন্ত্রণ নেওয়ায় জ্বালানি সরবরাহে বিঘ্ন দেখা দিচ্ছে। এই অবস্থায় বিশ্বব্যাপী জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে। সরকারের তত্ত্বাবধানে বাংলাদেশেও এই পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে।

একই সঙ্গে দেশে অবৈধ জ্বালানি মজুত ঠেকাতে মঙ্গলবার (৩১ মার্চ) সারাদেশে ৩৯১টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১৯১টি মামলা দায়ের করা হয়েছে এবং ৯ লাখ ৩ হাজার ৫৭০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া সাতক্ষীরায় এক ব্যক্তিকে দুই বছর, চাঁদপুরে এক বছর এবং অন্য এক স্থানে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সরকার প্রতি মাসে জ্বালানি তেলের দাম স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির মাধ্যমে সমন্বয় করে। ২০২৪ সালের মার্চ থেকে চালু হওয়া এই পদ্ধতিতে আগের মাসে আমদানিকৃত জ্বালানির খরচ বিবেচনায় রেখে দাম নির্ধারণ করা হয়। তবে বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে জ্বালানি তেলের দাম না বাড়ানোর নির্দেশনা দিয়েছেন।

এবারের সিদ্ধান্তের ফলে সাধারণ ভোক্তা, কৃষক, গণপরিবহন সংস্থা এবং অন্যান্য শিল্প-সেবাখাতের জন্য এপ্রিল মাসে জ্বালানি তেল ক্রয় সহজ ও সাশ্রয়ী থাকবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়