ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
ফাইল ছবি
সারাদেশে কালবৈশাখীর আমেজ ও বৃষ্টির প্রবণতা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (৩১ মার্চ) আবহাওয়া অফিসের পৃথক কয়েকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকাসহ দেশের অন্তত ১৫টি জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি ও কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, পাবনা, টাঙ্গাইল, কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের তীব্রতা বিবেচনায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টা পর্যন্ত এই সতর্কবার্তা বহাল থাকবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: দেশজুড়ে ৫ দিন কালবৈশাখীর শঙ্কা
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে খুলনা বিভাগে নিম্নচাপের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই পরিস্থিতির কারণে দেশের সব বিভাগে আগামী কয়েক দিন অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী দুই দিন দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির শঙ্কা রয়েছে। তবে বৃষ্টিপাত হলেও সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মূলত লঘুচাপের প্রভাব এবং ঋতু পরিবর্তনের কারণে বায়ুমণ্ডলের অস্থিরতায় এই বৈরী আবহাওয়ার সৃষ্টি হয়েছে বলে আবহাওয়াবিদগণ মনে করছেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








