পাম্পে ঘুরেও মিলছে না তেল, সংসদে এমপিদের ক্ষোভ
ছবি: সংগৃহীত
দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন সংসদ সদস্যরা।
তারা অভিযোগ করেছেন, বাস্তবে মাঠপর্যায়ে তেলের তীব্র সংকট থাকলেও তা অস্বীকার করা হচ্ছে, ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে ৭১ বিধিতে উত্থাপিত দুই মিনিটের জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের আলোচনায় অংশ নিয়ে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম এ বিষয়টি তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানও উপস্থিত ছিলেন।
আলোচনায় আনোয়ারুল ইসলাম বলেন, সরকারিভাবে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলা হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। তিনি জানান, নিজে একাধিক পেট্রোল পাম্পে গিয়েও ব্যক্তিগত গাড়ির জন্য তেল সংগ্রহ করতে পারেননি। তার মতে, একজন সংসদ সদস্য হিসেবে যদি এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাহলে সাধারণ মানুষের দুর্ভোগের মাত্রা সহজেই অনুমান করা যায়।
আরও পড়ুন: ‘জ্বালানি নিরাপত্তা ও প্রবাসীদের সুরক্ষায় তৎপর সরকার’
তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম জানান, তার নির্বাচনী এলাকাতেও পেট্রোল ও অকটেনের ঘাটতি প্রকট আকার ধারণ করেছে। তিনি অভিযোগ করেন, পাম্পে সরবরাহ না থাকলেও বাইরে বোতলে করে বেশি দামে জ্বালানি বিক্রি হচ্ছে। এতে মোটরসাইকেল চালকসহ সাধারণ ভোক্তারা বাধ্য হয়ে অতিরিক্ত দামে তেল কিনছেন, যা তাদের জন্য বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে।
সংসদ সদস্যরা এ অবস্থাকে কৃত্রিম সংকট কিংবা সরবরাহ ব্যবস্থার দুর্বলতার ফল হিসেবে উল্লেখ করে দ্রুত সমাধানের দাবি জানান। তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেন, যাতে বাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা যায় এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হয়।
নিউজবাংলাদেশ.কম/পলি








