News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩৫, ২২ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:০২, ১৪ ফেব্রুয়ারি ২০২০

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেও খুশি নয় মাশরাফি!

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেও খুশি নয় মাশরাফি!

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে ৩-০ তে ওয়ানডে সিরিজে দারুণ খুশি টাইগাররা। নিজেদের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেই থেমে যেতে চায় না মাশরাফিরা। আরও ভালো খেলে আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে টিম  আরও অনেক এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বুধবার মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়শেষে মাশরাফি বলেন,“বিশ্বকাপের আগেই আমি বলেছিলাম, আমরা যেন, মাঠের ভেতর কঠিন সময়েও স্বাভাবিক থাকতে পারি। দলের কঠিন মুহুর্তেও আত্মবিশ্বাস ধরে রাখতে পারি। পাকিস্তানের বিপক্ষে এমন জয়ের পর আমি দারুণ খুশি। দলের সকল খেলোয়াড় খুশি। বিশ্বকাপের আগে বলেছিলাম, আমাদের দলটি অনেক শক্তিশালী।”
 
এছাড়া পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে জাতীয় দলের এ অধিনায়ক বলেছেন, “আমরা এ সিরিজের মতোই যদি খেলতে পারি, সামনের দিনে আরও অনেক ম্যাচ জিততে পারবো। অনেক সিরিজ জিততে পারবো।”

সৌম্যর ব্যাটিং নিয়ে তিনি বলেন,“ সৌম্য অসাধারণ ক্রিকেট খেলেছে। আমি মনে করি, সৌম্য সবেমাত্র শুরু করেছে। তাই ওকে এগিয়ে যেতে হবে। আরও বেশি পরিশ্রম করতে হবে। এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আমার বিশ্বাস ও অনেক দূর এগিয়ে যাবে।”

এটাই কি বাংলাদেশের সেরা দল কি না এমন প্রশ্নে মাশরাফি বলেন,“বিশ্বকাপের আগেই আমি বলেছিলাম, এই দলটি সেরা। সত্যি বলতে আমরা দেখা বর্তমান দলটি বাংলাদেশে সেরা দল। তবে আমি কাউকে ছোট করতে চাই না। আগের যারা ছিল তারা ওই সময়ে ভালো দল ছিল।”

পাকিস্তানের বিপক্ষে জয়ের মতোই বড় বড় দলগুলোর বিপক্ষে এমন পারফরম্যান্স ধরে রাখতে চান টাইগাররা। এ বিষয়ে মাশরাফি বলেন,“আমি ক্রিকেটারদের কাছে একটা জিনিস চেয়েছি। দলের সবাই যেন কঠিন সময়েও ভেঙে না পড়ে। আত্মবিশ্বাস থাকলে অবশ্যই সব কিছু সম্ভব।”

বদলে যাওয়া বাংলাদেশ নিয়ে তিনি বলেন,“আমার বিশ্বাস, আমরা এখনও পুরোটা বদলে যেতে পারিনি। এখনও আমাদের সামনে অনেক সুযোগ আছে। আমাদের আরও উন্নতি করতে হবে। এভাবে খেলতে পারলে আমরা সত্যি সত্যি বদলে যেতে পারবো।”

টি-টোয়েন্টি নিয়ে মাশরাফি বলেন,“আমরা এখনও টি-টোয়েন্টি খেলে অভ্যস্ত নয়। তবে এই দল নিয়ে আমরা আশাবাদী, অবশ্যই আমরা ভালো করতে পারবো। এক দিন সময় আছে, এটা নিয়ে সবাই চিন্তা করবে।”

৩-০ তে ওয়ানডে সিরিজ জয়ের পর মাশরাফির লক্ষ্য এখন টি-টোয়েন্টি। তবে টেস্ট পাকিস্তানের সাথে ড্র করতে পারলেই খুশি তিনি। মাশরাফি বলেন,“ওয়ানডে জয় শেষে আমাদের লক্ষ্য এখন টি-টোয়েন্টি নিয়ে। তবে টেস্ট পাকিস্তানের সাথে খেলা কঠিন হবে। তাই পাকিস্তানের সাথে টেস্ট ড্র করলেই খুশি আমি।”

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করাই বাংলাদেশের বেস্ট পারফরম্যান্স। ড্রেসিং রুমে এটা নিয়ে আলোচনা করেছে ক্রিকেটাররা। মাশরাফি বলেন, “পাকিস্তানের বিপক্ষে জয় শেষে ড্রেসিং রুমে সবাই বলছিল, এটাই বাংলাদেশের বেস্ট পারফরম্যান্স।”

নিউজবাংলাদেশ.কম/এসএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়