News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৭, ২২ এপ্রিল ২০১৫
আপডেট: ০৮:৪৪, ১ মার্চ ২০২০

সত্যিই বদলে গেছে বাংলাদেশ

সত্যিই বদলে গেছে বাংলাদেশ

ঢাকা: নিমিষের ঝড়ে লণ্ডভণ্ড হয় না এই বাংলাদেশের দূরের বাতিঘর। সহজে আত্মবিশ্বাস হারায় না এই বাংলাদেশ, কিংবা ভড়কে যায় না ক্ষণিকের স্নায়ুচাপে।

ঠিক এই কারণেই সফরকারী পাকরা দুই উইকেটে ২০৩ রান তোলার পরও ভয় পায়নি মাশরাফি মর্তুজা বাহিনী। বরং লড়ে গেছে সমান তালে। এর ফলও পেয়েছে হাতেনাতে। সফরকারীদের শেষ ৮টি উইকেট দখল করেছে মাত্র ৪৭ রানের ব্যবধানেই। সত্যিই বদলে গেছে এই বাংলাদেশ।

ব্যাটিংয়েও এই ছাপ স্পষ্ট। এখন একটা লক্ষ্যকে কেন্দ্র করে ধীর পায়ে সামনে এগিয়ে যায় নতুন যুগের এই বাংলাদেশ। একটা বজ্র কঠিন শপথ নিয়ে প্রতিপক্ষের দিকে শীতল অথচ ভয়ংকর চাহনি দিতেও ভোলেনা বাংলাদেশি ব্যাটসম্যানরা। যেন কোনো ভয় নেই, কোনো আপোস নেই।

তাছাড়া এখন আর আগের মত প্রত্যেক বলে চার-ছক্কাও মারতে যায় না বাংলাদেশি ব্যাটসম্যানরা। বরং ঠাণ্ডা মাথায় লক্ষ্য স্থির করে। তারপর খুনে মানসিকতায় সেই পথে এগিয়ে চলে। তামিম ইকবাল, সৌম্য সরকার ও মুশফিকুর রহিমদের নির্ভীক ব্যাটিংয়ে এই বদলে যাওয়ারই বিজ্ঞাপন।

এজন্য পাকিস্তানের বিপক্ষে ১৬ বছরের জয়খরা ঘুচিয়েই থামেনি বাংলাদেশ। এক দিন বাদে সিরিজটাও পকেটে পুরে নিয়েছে। তৃষ্ণা কমেনি তাতেও। তাই আরো দুদিন বাদে পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করার কৃতিত্বও অর্জন করে টাইগাররা। নিজেদের ক্রিকেট ইতিহাসে দশম বারের মতো। সত্যিই বদলে গেছে এই বাংলাদেশ।

শহীদ আফ্রিদি, ইনজামাম উল হক, মুশতাক আহমেদরাও সেটা কবুলও করে নিচ্ছেন। তবে নভোজিৎ সিং সিধু ও রমিজ রাজার মতো কিছু লোক আছেন যারা সবসময় বাংলাদেশ ক্রিকেটের দোষ-ত্রুটি খুঁজে বেড়ান। তারা বাংলাদেশ ক্রিকেটের এমন আনন্দের দিনে হয়তো ঈর্ষার আগুনে জ্বলে পুড়ে মরবেন। কারণ দোষ খোঁজার আর তো কোনো অবকাশই পাবেন না তারা।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়