News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:০৯, ২২ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:১৯, ১৮ জানুয়ারি ২০২০

আজ বাংলাওয়াশ, ইতিহাস?

আজ বাংলাওয়াশ, ইতিহাস?

ঢাকা: তিন ম্যাচের দুটিতে দাপটের সঙ্গে জিতে সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে আগেই। দ্বিতীয় ম্যাচটি শুরু আগে অধিনায়ক মাশরাফির কথাটি মনে আছে? তিনি বলেছিলেন, দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চাই। আর তৃতীয় ম্যাচটিতে নিশ্চয় আমরা হারের জন্য মাঠে নামব না।

হ্যাঁ, আজ পুরো দেশের চাওয়া মিলিত হয়েছে একটি বিন্দুতে- পাকিস্তানকে তৃতীয় ওয়ানডেতেও হারাক বাংলাদেশ। বাংলাওয়াশ করুক। আর একই সঙ্গে গড়ুক একটি বিরল ইতিহাস। এখন পর্যন্ত টানা দুই সিরিজে টেস্ট খেলুড়ে দলকে দ্বিপক্ষীয় সিরিজে বাংলাওয়াশ করার যে ইতিহাসটি হয়নি, তাও গড়ুক বাংলাদেশ। সেই বাংলাওয়াশের সঙ্গে ইতিহাস গড়া আবার হোক তামিম, সাকিব দুইজনেরই অবদানে। সঙ্গে মুশফিকের ভূমিকাও যেন থাকে।

তবে সাকিবের বিশেষ নৈপুণ্য কিন্তু এখনও মেলেনি। তৃতীয় ওয়ানডেতে তাই সাকিবের কাছ থেকেই বিশেষ কিছুর চাওয়া থাকছে। টানা দুই ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করে নিয়েছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ৭৯ রানে ও দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। এর চেয়ে দাপুটে আর সহজ জয় আর কি হতে পারে? এই দাপটই ইতিহাস গড়ার স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে।

বুধবার পাকিস্তানকে বাংলাওয়াশ করতে পারলেই নতুন ইতিহাস রচনা হবে। যে ইতিহাস এর আগে কখনই বাংলাদেশ গড়তে পারেনি। এর আগে টানা ২ সিরিজে টেস্ট খেলুড়ে কোন দলকে বাংলাওয়াশ করার রেকর্ড গড়তে পারেনি বাংলাদেশ। তবে টানা তিন সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার রেকর্ড আছে। সেটি ২০০৬ সালে। আগস্টে কেনিয়াকে ৩-০ ব্যবধানে হারানোর পর নবেম্বরে জিম্বাবুইয়েকে ৫-০ ব্যবধানে হারায় বাংলাদেশ।

এরপর ডিসেম্বরে স্কটল্যান্ডকেও ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে। কিন্তু তিন দলের একটিও তখন টেস্ট খেলত না। কেনিয়া, স্কটল্যান্ড তো কোনদিনই টেস্ট খেলেনি। জিম্বাবুইয়ে ২০০৫ সালে টেস্ট খেলা থেকে নির্বাসনে যায়।
এবার বাংলাদেশ সেই কৃতিত্ব গড়বে। যদি আজকের ম্যাচটি জিতে যায় বাংলাদেশ। জিম্বাবুইয়েকে গত বছরের শেষদিকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। মাঝখানে বিশ্বকাপ খেললেও দ্বিপক্ষীয় কোন সিরিজ খেলেনি বাংলাদেশ। এবার খেলছে পাকিস্তানের বিপক্ষে।

এমন অর্জন এখন পর্যন্ত ভারতের ইতিহাসেও যুক্ত হয়নি। ১৯৭৪ সাল থেকে ওয়ানডে সিরিজ খেলে ভারত। কিন্তু এখন পর্যন্ত টানা দুই সিরিজে টেস্ট খেলুড়ে দলকে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব অর্জন করতে পারেনি তারা। বাংলাদেশের সামনে সেই সুযোগ প্রায় হাতের মুঠোয়। সেই সুযোগকে কাজে লাগিয়ে নতুন ইতিহাস লিখুক টাইগাররা।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়