News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১২, ২১ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:১৯, ১৮ জানুয়ারি ২০২০

র‌্যাংকিং আর হোয়াইটওয়াশে চোখ টাইগারদের

র‌্যাংকিং আর হোয়াইটওয়াশে চোখ টাইগারদের

ঢাকা: পাকিস্তান সিরিজ তখনো শুরু হয়নি। এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেছিলেন, আসন্ন সিরিজে আমরাই ফেবারিট। প্রতুত্ত্যর দিতে সময় নেননি মোহাম্মদ হাফিজ। ঝটপট জানিয়ে দিয়েছেন, সেটা নিতান্তই ব্যক্তিগত মতামত। আমরা সেটা বিশ্বাস করি না।

তবে দু দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুই পর্ব শেষে হাফিজ হয়তো বাস্তবতার জমিন চিনে থাকবেন। সেজন্য বুধবার সিরিজের তৃতীয় ওয়ানডের আগে নিজেদের র‌্যাংকিং পয়েন্ট বাড়াতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার টার্গেট নির্ধারণ করার সাহস দেখাতে পারছে বাংলাদেশ।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন শেষে জাতীয় দলের সহকারি কোচ রুয়ান কালপাগে বলেন, “বিশ্বকাপ থেকেই ভালো খেলছে ছেলেরা। এরপর পাকিস্তানের বিপক্ষে জিতে দারুণ খুশি তারা। এখন তৃতীয় ওয়ানডে জয়ের দিকে তাকিয়ে তারা।”

শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বিস্মিত করছে না কালাপাগেকে। বিষয়টি নিয়ে তিনি বলেন, “পাকিস্তানের বিপেক্ষে ওয়ানডে সিরিজ জয়ে আমি বিস্মিত নই। যেভাবে উন্নতি হচ্ছে তা নিয়ে আমরা খুশি। আসলে সবাই জানে বাংলাদেশে প্রতিভাবান ক্রিকেটার আছে। গত তিন বা চার মাস বাংলাদেশ একটা দল হিসেবে খেলছে। এখন একজন ব্যর্থ হলে আরেকজন এগিয়ে আসছে। এটাই দল হিসেবে খেলার মূল বিষয়।”

বাংলাদেশের র‌্যাংকিংয়ের বিষয়টাও ভাবাচ্ছে কালাপাগেকে। তিনি বলেন, “আমাদের ওয়ানডে র‌্যাংকিংটা ভালো করা গুরুত্বপূর্ণ। তাই এটা পরীক্ষার জন্য আদর্শ সময় নয়। আমরা সবসময় র‌্যাংকিংয়ের দিকে তাকিয়ে আছি। আমার মনে হয় কালকের ম্যাচটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে প্রতিটি ম্যাচ জেতা দরকার। কারণ এভাবে আমরা ওয়ানডে র‌্যাংকিংয়ে ওপরে যেতে পারব। আমি মনে করি, এটা দারুণ সুযোগ। যদি আমরা উইনিং কম্বিনেশন নিয়ে যাই, এটা বাংলাদেশের ভবিষ্যত ওয়ানডে দলের জন্য ভালো হবে।”

টাইগারদের জয়ের ধারা অব্যাহত রাখার বিষয়ে তিনি বলেন,“র‌্যাংকিং আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই আমরা খুব বেশি পরিবর্তন চাই না। খেলোয়াড়রাও পরিকল্পনা অনুযায়ী খেলছে। এটা ভালো যে সবকিছু সঠিক পথে এগুচ্ছে এবং আমরা সবাই খুশি।”

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়