বোলিংয়ের ছাড়পত্র পেলেন হাফিজ
ঢাকা:সংশোধিত অ্যাকশনে বোলিং করার ছাড়পত্র পেলেন পাকিস্তান অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। মঙ্গলবার আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ হাফিজের বোলিংয়ে তাদের তরফ থেকে আর কোনো বাধা নেই।
নতুন বোলিং অ্যাকশনে হাফিজের বিভিন্ন ধরনের ডেলিভারি পরীক্ষা করে দেখা গেছে আইসিসির বেধে দেয়া ১৫ ডিগ্রি কনুই আইন মেনেই বল করেন পাক স্পিনার। অবশ্য ছাড়পত্র পেলেও পুরোপুরি বিপদ কাটছে না হাফিজের। কেননা আম্পায়ার চাইলে যে কোনো সময় আবারো তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলতে পারেন। সেক্ষেত্রে আবারো পরীক্ষার দিতে হবে পাক ক্রিকেটারকে।
গেল ৯ এপ্রিল চেন্নাইয়ের রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে সংশোধিত অ্যাকশনের পরীক্ষা দেন হাফিজ। এর আগে গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে আবুধাবি টেস্টে হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। এর পরের মাসেই সংশোধিত অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন তিনি। কিন্তু তাতে ব্যর্থ হন। তবে এরার আর হতাশ হতে হল না সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে।
নিউজবাংলাদেশ.কম








