তারপরও জয়েই চোখ পাকিস্তানের
ঢাকা: প্রভাত যদি দিনের পূর্বাভাস হয়, তাহলে কোনো আশা নেই পাকিস্তানের। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই খেলাতেই হেরেছে সফরকারীরা। তাও খুব বাজেভাবে। কিন্তু তারপরও সিরিজের শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় আজহার আলি বাহিনী। হারাতে চায় বাংলাদেশকে।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পাকিস্তান দলের অনুশীলনের ফাঁকে দলটির স্পিন কোচ মুশতাক আহমেদ বলেন, “আমাদের তরুণ ক্রিকেটাররা অনেক মেধাবী। প্রথম দুই ম্যাচে অচেনা কন্ডিশনেও কয়েকজন তরুণ ভালো খেলেছে। এটাই বিশ্বাস যোগাচ্ছে আমাদের। সামনে আমাদের তরুণরা ভালো করবে এই বিশ্বাস হারাচ্ছি না আমরা। আগামীকাল বুধবার ভালো ক্রিকেট উপহার দিয়েই জিততে চাই আমরা।”
কিন্তু বাংলাদেশ দল তো দারুণ ফর্মে। দলগতভাবেই খেলছে তারা। তাদের হারানো কী খুব সহজ হবে? এসব প্রশ্ন সামনে আনা হলে মুশতাকের পাঞ্চ, “বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলছে। কিন্তু আমরা আত্মবিশ্বাসী। আসলে একটা ইউনিট হিসেবে দাঁড়াতে আরো কিছুদিন সময় লাগবে। কিন্তু আমাদের এই দলটি অবশ্যই এগিয়ে যাবে। আমরা পেছনে তাকাতে চাই না। লক্ষ্য শুধুই সামনে।”
নির্বাসন থেকে ফেরা সাঈদ আজমলের পারফরম্যান্স নিয়ে শুশ্রুমণ্ডিত সাবেক পাক ক্রিকেটারের মূল্যায়ন, “সে নতুন অ্যাকশন নিয়ে সবেমাত্র ক্রিকেটে ফিরল। সুতরাং এতো তাড়াতাড়ি তার পারফরম্যান্স নিয়ে কথা বলা ঠিক হবে না। আমি আত্মবিশ্বাসী, সে আবার প্রতাপ নিয়ে ফিরতে পারবে।”
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে
নিউজবাংলাদেশ.কম








