জিতেও অখুশি বোল্ট
ঢাকা: মৌসুমে প্রথমবার দৌড়াতে নেমেই জয় তুলে নিয়েছেন উসাইন বোল্ট। ব্রাজিলের রিও ডি জেনিরোতে ‘মানো এ মানো’ প্রতিযোগিতায় ১০০ মিটারের ইভেন্টে ১০.১২ সেকেণ্ডে ফিনিশিং লাইনে পৌঁছান জ্যামাইকান বজ্র বিদ্যুত। তবে নিজের পারফরম্যান্স নিয়ে অখুশি স্প্রিন্ট কিংবদন্তি।
রোববার রিও জি জেনিরোর ব্রাজিল জকি ক্লাবের পারফরম্যান্স নিয়ে বোল্ট বলেন, “সব দিক বিবেচনা করে এটা খারাপ ফলাফল। আমি নিশ্চিত এই পারফরম্যান্স নিয়ে খুশি হতে পারবেন না আমার কোচ। তবে ভালো দিক হলো শেষ পর্যন্ত জিতেই মাঠ ছাড়তে পেরেছি আমি।”
ব্রাজিলের প্রতিযোগিতাটিতে মাঠে নামার আগে ১০ সেকেন্ডের কম সময়কে লক্ষ্য বানিয়েছিলেন বোল্ট। কিন্তু সাম্প্রতিক সময়ে মাঠে না নামা এবং ভেজা আউটফিল্ডের কারণে ল্যাপ শেষ করতে একটু বেশি সময় নিয়ে ফেলেন বোল্ট।
নিজের পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে বোল্ট বলেন, “সম্ভবত এটা খুব খারাপ কিছু নয়। তবে আমার মনে হয় দৌড়াতে না পারাই এর প্রধান কারণ। আবার নিজের সেরা ফর্মে ফিরতে কিছুটা সময় লাগবে। দৌড়াতে পারলেই এটা ঠিক হয়ে যাবে।”
প্রসঙ্গত, আগামী বছর রিও অলিম্পিকে দৌড়ানোর আগে শহরটিতে এটাই সম্ভবত বোল্টের শেষ দৌড়। যিনি ২০১৬ অলিম্পিকে আরো কয়েকটি স্বর্ণ জয় করেই অবসরে যেতে চান। জ্যামাইকান স্প্রিন্টার ২০০৮ সালের বেইজিং এবং ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ছয়টি স্বর্ণপদক জেতেন।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








