বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ: মিসবাহ
ঢাকা: ১৬ বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে হার। একই প্রতিপক্ষের বিপক্ষে ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ হার।
সবচেয়ে বড় কথা চলমান ওয়ানডে সিরিজে মাশরাফি মর্তুজা বাহিনীর বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারছে না পাকিস্তান। ফলে দেশটির ক্রিকেটে চারদিকে গেল গেল রব উঠেছে। তবে বিষয়টিকে আড়াল করতে চাইছেন পাকিস্তানের সাবেক ওয়ানডে অধিনায়ক মিসবাহ উল হক।
সোমবার এক সাক্ষাৎকারে মিসবাহ বলেন, “এটা তরুণ একটা দল। সুতরাং নতুন অধিনায়ক আজহার আলির অধীনে উন্নতি করতে আরো সময় লাগবে পাকিস্তানের।”
প্রসঙ্গত, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় টাইগারদের কাছে ৭৯ রানের ব্যবধানে হারে পাকিস্তান। আর দ্বিতীয় ম্যাচে হারে ৭ উইকেটের বড় ব্যবধানে।
গেল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানকে নেতৃত্ব দিয়ে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেন মিসবাহ। তার বিশ্বাস সময় দিলে বর্তমান দলটি ভালো করতে পারবে। তিনি আরো জানান, কয়েকদিন আগেই অধিনায়কত্ব পেয়েছে আজহার। সুতরাং রাতারাতি পরিস্থিতি বদল করে দেয়া তার পক্ষে সম্ভব নয়।
অবৈধ অ্যাকশন ইস্যুতে আইসিসির ধরপাকড়ের পর আট মাস বাদে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সাঈদ আজমল। তার ফেরাটা সহজ ছিল না। বিষয়টি নিয়ে মিসবাহের বক্তব্য, “এতো অল্প সময়ের মধ্যে ফের আগের ধার ফিরে পাওয়া আজমলের জন্য খুব সহজ কিছু নয়। কারণ সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল সে।”
বাংলাদেশের উন্নতিও চোখ এড়াইনি মিসবাহের। বিষয়টি নিয়ে সাবেক পাক অধিনায়ক, “ঘরের মাঠে বাংলাদেশ সবসময় কঠিন এক প্রতিপক্ষ। আর সাম্প্রতিক সময়ে তারা যথেষ্ঠ উন্নতিও করেছে।”
নিউজবাংলাদেশ.কম








