১৩৮ বলে ৩৫০ রান, লিয়ামের অবিশ্বাস্য রেকর্ড!
ঢাকা: এক ম্যাচে ১৩৮ বলে একাই ৩০৫ রান করা সম্ভব? হ্যাঁ, সত্যিই সেটা এখন সম্ভব। একদিনের ক্রিকেটে একাই সাড়ে তিনশত রান করে সেটিই দেখিয়ে দিলেন লিয়াম লিভিংস্টোন।
ইংল্যান্ডের জাতীয় ক্লাব চ্যাম্পিয়নশিপে মাত্র ১৩৮ বলে ৩৫০ রান করেছেন। ম্যাচটি ছিলো ৪৫ ওভারের। আর এই রান করার মধ্য দিয়ে একদিনের সব ধরণের ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার খেতাব অর্জন করেন ২১ বছর বয়সী এ ক্রিকেটার।
ইংল্যান্ডের জাতীয় ক্লাব চ্যাম্পিয়নশিপে ন্যান্টউইচের হয়ে ক্যাল্ডির বিরুদ্ধে ১৩৮ বলে ৩৫০ রান করেছেন ২১ বছরের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। লিয়াম মাঠে নেমে সময় নষ্ট করেননি মোটেই। ৪৭ বলে ১০টি চার এবং ৯টি ছয় মেরে শতরান পূর্ণ করেন।
এরপর ৮৪ বলে পেরিয়ে যান ২০০ রানের গণ্ডি। ১২৩ বলে ৩০০ রান করেন। ততক্ষণে ৩১টি চার এবং ২২টি ছয় হাঁকিয়ে ফেলেছেন। ৩৪টি চার ও ২৭ ছক্কায় তিনি করেন ৩৫০ রান। তার এই অতিমানবীয় ইনিংসে ৪৫ ওভারে সাত উইকেটে করে ৫৭৯ রান।
লিভিংস্টোনের রেকর্ড গড়া ম্যাচে তার ক্লাব ন্যান্টউইচ ৫০০ রানের বিশাল জয় পেয়েছে। বিশাল রান তাড়া করতে গিয়ে মাত্র ৭৯ রানে অলআউট হয়ে যায় ক্যাল্ডি। অতিমানবীয় ইনিংস খেলার পর ২১ বছর বয়সী লিভিস্টোনের টুইটারে লেখেন, “বাজে দিনও তো আসে! ধন্যবাদ সবাইকে আপনাদের শুভকামনার জন্য।’
বিবিসি স্পোর্টসকে তিনি বলেন, “১০০ হওয়ার পর আমি শুধু চেষ্টা করে গেছি প্রতিটা বলেই ছক্কা হাঁকাতে। যখন ২০০-৩০০-এর ঘরে পৌঁছালাম, তখনই বুঝেছি, বিশেষ কিছু একটা ঘটতে যাচ্ছে। ব্যাপারটা আমার কাছেও খানিকটা অবাস্তব ঠেকছে। এখনো নিজে বিষয়টা হজম করে উঠতে পারিনি। তবে খুবই গর্বিত নিজেকে নিয়ে। মা আর বাবা এদিন মাঠে এসে খেলা দেখেছেন।”
এ ধরনের ক্রিকেটে নির্ভরযোগ্য রেকর্ড খুঁজে পাওয়া কঠিন। তবে ধারণা করা হচ্ছে, একদিনের প্রতিযোগিতামূলক ক্রিকেটে এটাই সর্বোচ্চ ইনিংস। এর আগে ২০০৮ সালে ভারতের হায়দ্রাবাদে স্কুল ক্রিকেটে ১৫ বছর বয়সী নিখিলেশ সুরেন্দ্রন ৩৩৪ রানের ইনিংস খেলেছিল।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এমএম
নিউজবাংলাদেশ.কম








