‘খালেদার উসকানিমূলক বক্তব্যের করণে মানুষ বিক্ষোভ করেছে’
ঢাকা: গণসংযোগের নামে খালেদা জিয়া উসকানিমূলক বক্তব্য দেওয়ার কারণে সাধারণ মানুষ বিক্ষোভ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ আয়োজিত ‘খালেদা জিয়াকে গ্রেফতারের দাবিতে মানববন্ধনে’ তিনি এ মন্তব্য করেন।
মানববন্ধনে হাছান মাহমুদ বলেন, “খালেদা জিয়ার পেট্রোল বোমার অবরোধ-হরতালে দগ্ধ ও ক্ষতিগ্রস্ত বিক্ষিপ্ত মানুষেরা নির্বাচনী প্রচারণায় তাকে বাধা দিচ্ছে, কালো পতাকা দেখাচ্ছে, প্রতিবাদ করছে। সর্বশেষ গতকাল তিনি গণসংযোগের নামে কারওয়ানবাজারে উসকানিমূলক বক্তব্য রাখছিলেন। তখন মানুষ বিক্ষোভ করেছে। আর খালেদার নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা তাদের উপর গুলি ছুঁড়েছে, যা এক অনাকাঙ্খিত পরিবেশের সৃষ্টি করেছে।”
খালেদা জিয়াকে গ্রেফতারে দাবি জানিয়ে তিনি বলেন, “সিটি করপোরেশন নির্বাচনকে নৈরাজ্যমুক্ত রাখতে খালেদার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকার ও নির্বাচন কমিশনের কাছে দাবি করছি। কারণ কারওয়ানবাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন মানুষের উপর গুলিবর্ষণ করেছে।”
নির্বাচনে সাধারণ মানুষ খালেদা জিয়াকে লাল কার্ড দেখাবে মন্তব্য করে তিনি বলেন, “মানুষ হত্যার আন্দোলন করে সরকারের পতন ঘটাতে ব্যর্থ খালেদা এখন নতুন কৌশল নিয়েছেন। তাই নির্বাচনী প্রচারণার নামে উসকানি দিয়ে মানুষকে প্রলুব্ধ করছেন বিক্ষোভ দেখাতে, যার মাধ্যমে বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে নষ্ট করতে চান তিনি। আর সরকারকে এর দায় দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চান তিনি।”
নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, “কারওয়ান বাজারের ঘটনার তদন্ত করুন। তারপর গুলিবর্ষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আর খালেদা জিয়া কিভাবে উসকানি দিচ্ছে তাও তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন। তাকে নিবৃত্ত করুন। অন্যথায় খালেদার মতো নির্বাচন কমিশনও প্রশ্নবিদ্ধ হবে।”
বিএনপির ডাকা বুধবারের হরতালের সমালোচনা করে তিনি বলেন, “খালেদার লজ্জা থাকা উচিত, কারণ তিনি তিনমাস হরতাল ডেকে ব্যর্থ হয়েছেন। তার লজ্জা থাকলে তিনি হরতাল ডাকতেন না। কিন্তু তিনি হরতাল ডেকেছেন বোমা মারতে, কারণ তিনি এখন আর রাজনৈতিক নেত্রী না, তিনি পেট্রোল বোমার নেত্রী।”
মানববন্ধ বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার প্রমুখ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়।
নিউজবাংলাদেশ.কম/টিএ/এফএ
নিউজবাংলাদেশ.কম








