খালেদার গাড়িবহরে হামলায় আ. লীগ নেতার মামলা
ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন এক আওয়ামী লীগ নেতা।
ঢাকা মহানগরের ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক বিল্লু সোমবার রাতে মামলাটি দায়ের করেন।
মঙ্গলবার সকালে তেজগাঁও থানার ডিউটি অফিসার এসআই মাহবুব নিউজবাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও অভিযোগ করেছেন বাদী।
এজাহারে কারো নাম উল্লেখ না করে বিএনপি নেতাকর্মী ও চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা মিলিয়ে একশজনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে কালো পতাকা দেখিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
ওইদিন উত্তর সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থী তাবিত আওয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে খালেদ জিয়া কারওয়ান বাজার যান। এসময় তিনি গাড়িতে দাঁড়িয়েই বক্তৃতা দিচ্ছিলেন। বক্তৃতার মিনিট খানেকের মাথায় বিভিন্ন ভবনের ছাদ থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
হামলায় খালেদা বা তার গাড়ির কোনো ক্ষয়ক্ষতি না হলেও তার সঙ্গে থাকা ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের (সিএসএফ) গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এছাড়া লাঠিসোটা নিয়ে একদল যুবক গাড়িবহরে হামলা চালিয়ে ভাঙচুর করে।
হামলার মুখে এফডিসির সামনের রাস্তা হয়ে মগবাজারের দিকে চলে যায় খালেদা জিয়ার গাড়িবহর।
এর আগে খালেদা বিকেল সাড়ে চারটার দিকে গুলশান কার্যালয় থেকে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বনানী ফ্লাইওভার, বিজয় সরণি হয়ে কারওয়ান বাজারের পেট্রোবাংলা ভবনের সামনে গিয়ে অবস্থান নেন।
হামলার শিকার হওয়ার আগে কারওরান বাজারে গাড়ি থেকে নেমে খালেদা জিয়া বলেন, “আমরা ভোট ও ভাতের অধিকার রক্ষার জন্য লড়ছি। আমাদের প্রার্থী তাবিথকে ভোট দিন। আমরা জিতলে সব গুণ্ডামির জবাব দেওয়া হবে।”
এই বক্তব্যের কিছুক্ষণ পরই খালেদা জিয়ার গাড়িবহর হামলার কবলে পড়ে।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফই/এফএ
নিউজবাংলাদেশ.কম








