‘খালেদার ওপর হামলা ঢাকাবাসীর ক্ষোভের বহিঃপ্রকাশ’
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর হামলা ঢাকাবাসীর ক্ষোভের বহিঃপ্রকাশ বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর পুত্র ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ দাবি করেন।
জয় তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘বিগত তিন মাস যাবৎ বাসে এবং গণপরিবহনে অগ্নীসংযোগ করে কমপক্ষে ১৬০জন হত্যা এবং আরও অসংখ্য মানুষকে আহত করায় ঢাকাবাসী খালেদা জিয়ার উপর ভীষণ ক্ষিপ্ত। আমি মনে করি যারা আজ তার গাড়ীবহরে ইট-পাটকেল নিক্ষেপ করেছে তা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আমরা আওয়ামী লীগ যেকোন সহিংসতা এবং এই ধরণের হামলা সমর্থন করি না, কিন্তু এটাও ঠিক যে আমরা জনগণের রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না।’
তিনি আরও লিখেছেন, ‘সহিংসতার শিকার ঐ নিরপরাধ আক্রান্তদের ন্যায়বিচার প্রাপ্য। খালেদা জিয়া এবং বিএনপিকে তাদের জঘন্য এবং কাপুরুষোচিত জ্বালাওপোড়াও এর জন্য আইনের আওতায় আনা দরকার।গাড়িবহরে ইট নিক্ষেপ করাটা কোনো উপায় হতে পারেনা।’
প্রসঙ্গত, সোমবার টানা তৃতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণায় নেমে হামলার কবলে পড়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহর। বিকাল সাড়ে ৪টার পর গুলশানের বাসা থেকে বেরিয়ে গুলশান ২, বনানী, মহাখালী ফার্মগেট হয়ে কারওয়ান বাজারে এলে খালেদা জিয়ার গাড়িবহরে কালো পতাকা দেখিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা কয়েকটি গাড়িতে ভাঙচুর করে। সন্ধ্যা ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম








