চট্টগ্রামে যাচ্ছেন খালেদা জিয়া
ঢাকা: সোম-মঙ্গলবারের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ দলীয় জোট সমর্থিত মেয়র পদপ্রার্থী মনজুর আলমের গণসংযোগে অংশ নিতে চট্টগ্রামে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির হাইকমান্ড সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
এদিকে মনজুর আলমের পক্ষে প্রচারণায় এরই মধ্যে মাঠে নেমেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি অ্যাড. খন্দকার মাহবুব হোসেন ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার (অব) আ স ম হান্নান শাহ। মনজুর আলমের প্রচারণায় নানা ছন্দ আনতে বিএনপির আরো বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা চট্টগ্রামে যাচ্ছেন বলে জানা গেছে।
রোববার বিকালে নগরীর ১৩ নং ঝাউতলা ওয়ার্ডে মনজুর আলমের নির্বাচনী প্রচারণাকালে হান্নান শাহ বলেন, “সরকার পেশীশক্তি প্রদর্শনের জন্য মামলার আসামিদের মুক্তি দিচ্ছে।”
তিনি আরো বলেন, “সরকার ২০ দলীয় প্রার্থীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। অনেকে জামিনে বের হতে চাইলে তাদের জামিনে হস্তক্ষেপও করছে। মন্ত্রীরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা চালাচ্ছে। অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।”
অন্যদিকে সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি অ্যাড. খন্দকার মাহবুব হোসেন রোববার দুপুরে মনজুর আলমের সমর্থনে পেশাজীবী নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে নগরীর রিয়াজুদ্দিন বাজার, তিন পোল, গোলাম রসুল মার্কেট ও আমতলা এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
এসময় তিনি বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা দিতে এ সরকার ব্যর্থ। তাই জনগণই এ সরকারের সমুচিত জবাব দেবে।”
তিনি আরো বলেন, “সিটি কর্পোরেশন সাধারণ কোনো নির্বাচন নয়। এ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। সরকার চাইবে কারচুপির মাধ্যমে এ নির্বাচনে বিএনপি প্রার্থীদের হারাতে। তাই নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।”
নিউজবাংলাদেশ.কম/আরআর/এটিএস
নিউজবাংলাদেশ.কম








