মানুষ সেনা মোতায়েন চায়: খালেদা
ঢাকা: দেশের মানুষ সেনা মোতায়েন চায় বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রোববার রাতে শাহজাদপুরের সুবাস্তু নজরভ্যালি মার্কেটে তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণা চালানোর সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন।
তিনি বলেন, “যারা সুষ্ঠু নির্বাচন চায় না তারাই সেনা মোতায়েনের বিপক্ষে কথা বলে। দেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী মোতায়েন চায়। সিটি নির্বাচনে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি তবে জায়গায় জায়গায় বাধা দেয়া হচ্ছে। আমি নির্বিঘ্নে সবার কাছে যেতে চাই।”
এর আগে ডিসিসি নির্বাচনে দ্বিতীয় দিনে প্রচারণায় নেমে বাধার মুখেও সাড়ে ৪ ঘণ্টা প্রচারণা চালান খালেদা জিয়া। প্রায় সাড়ে চার ঘণ্টার এই প্রচার ও গণসংযোগকালে কমপক্ষে তিন দফায় খালেদা জিয়া ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধার শিকার হন।
এর আগে শনিবারও প্রায় ৫ ঘণ্টা প্রচারণা চালিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম
নিউজবাংলাদেশ.কম








