News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৯, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৫৮, ১৮ জানুয়ারি ২০২০

গুম আতঙ্কে তাবিথ!

গুম আতঙ্কে তাবিথ!

ঢাকা: গুম আতঙ্কে আছেন বিএনপি সমর্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল।
তিনি বলেন, “সাধারণ মানুষ ও ভোটারদের বিপুল সমর্থন পাচ্ছি। তবে নেতাকর্মীরা এখনো গুম-খুন আতঙ্কে গণসংযোগে বের হতে পারছেন না। গুমের ভয়ে অনেক কিছুই বলতে পারি না।”

শনিবার গাবতলীর বাসস্ট্যান্ডে এক পথসভায় সাংবাদিকের তিনি একথা বলেন।

‘নতুন প্রজন্ম-নতুন ঢাকা’ গড়তে বাস মার্কায় ভোট ও দোয়া চাইতে তার নির্বাচনী এলাকার প্রত্যেকটি ওয়ার্ড, মহল্লা, বাজার চষে বেড়াচ্ছেন আদর্শ ঢাকা আন্দোলনের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

তাবিথ বলেন, “আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে, আপনার ওয়ার্ড ও মহল্লায় খানা-খন্দক থাকবে না। পয়ঃনিষ্কাশন ও জলাবদ্ধতা নিরাসনে প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হবে। স্বল্প আয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসা পাবেন। পাবেন একটি নির্মল বায়ু, শব্দদূষণমুক্ত সবুজ ঢাকা।”
শনিবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড থেকে হাজারো মানুষের মিছিল-সমাবেশে গণসংযোগ শুরু করেন তাবিথ আউয়াল।

‘বাস মার্কায় ভোট চাই’ এ মিছিলটি বাসস্ট্যান্ডের খালেক এন্টারপ্রাইজ স্থান থেকে শুরু হয়। মিছিলটি পুরো এলাকা প্রদক্ষিণ করে। এসময় তার সঙ্গে ছিলেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান।

তিনি মিরপুর ৭, ৯, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন।  

গাবতলীতে বাসস্ট্যান্ড এলাকা থেকে বাগবাড়ি, আনন্দনগর, বড় বাজার, দারুস সালাম, কলোনী বাজার, বসুপাড়া বাজার, লালকুটি বাজার এলাকায় গণসংযোগ করেন। এসব জায়গায় ছোট ছোট পথসভা করে তাবিথ স্থানীয় নানা সমস্যার কথা শুনেন এবং মেয়র নির্বাচিত হলে তা সমাধানের আশ্বাস দেন। এসময় তার সঙ্গে ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী বদি-উজ-জামান।  

বড় বাজারে গণসংযোগকালে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল বলেন, “শুধু সেনাবাহিনী নয়, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে যা যা করা প্রয়োজন সবকিছু নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

লেভেল প্লেইং ফিল্ড এখনো তৈরি হয়নি এমন অভিযোগ করে তিনি বলেন, “নির্বাচন কমিশন ও প্রশাসন মুখে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের কথা বললেও বাস্তবে তার কোন ফলাফল পাচ্ছি না।”

তিনি বৈশাখী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের সম্ভ্রমহানি ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমের দৃষ্টি আকার্ষণ করে তাবিথ আউয়াল বলেন, সরকার এতদিনেও কেনো ওই নরপশুদের গ্রেফতার করতে পারেনি?” 

অবিলম্বে অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এদিকে ছেলের জন্য মা নাসরিন আউয়ালও সারাদিন চষে বেড়ান রাজধানীর বিভিন্ন এলাকা। শনিবার বেলা ১১ টায় তিনি মিরপুর ১ নম্বর এলাকায় মুক্তিযোদ্ধা মার্কেট এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিনি।

তিনি কাঁচাবাজার, নবাব বাগ, বেড়িবাঁধ এলাকায় গণসংযোগ করেন। এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সেলিমা রহমান নাসরিন ফাতেমার সঙ্গে ছিলেন।

এসব গণসংযোগে সেলিমা রহমান ভোটারদের উদ্দেশে বলেন, “সারাবিশ্বে এখন তারুণ্যের জয়গান। তাই আমরা আপনাদের এমন একজন সৎ, যোগ্য তরুণ প্রার্থী দিয়েছি, যাকে নির্বাচিত করলে নগরবাসী সর্বোচ্চ সেবা পাবে।”

তাবিথ আউয়ালের মা নাসরিন ফাতেমা আউয়াল বলেন, “তাবিথ যেমন আমার সন্তান, তেমনি আপনাদেরও সন্তান। তাবিথকে ভোট দিয়ে নির্বাচিত করুন। কথা দিচ্ছি, আপনারে কাছে দেওয়া সব প্রতিশ্রুতি রক্ষা করবে।” 

নিউজবাংলাদেশ.কম/আরআর/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়