সরকারি দল সুযোগ পাচ্ছে না: কাদের
ফেনী: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে খালেদা জিয়াসহ বিএনপির হেভিওয়েট নেতারা প্রার্থীদের পক্ষে প্রচারণার সুযোগ পেলেও সরকারি দল সে সুযোগ পাচ্ছে না।
মঙ্গলবার সকালে ফেনীর প্রাইমারি টিচার্স ইনস্টিটিউট (পিটিআই) মাঠে বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বাংলাদেশের একাধিক বারের প্রধানমন্ত্রী তিনি প্রচারণায় সুযোগ পাচ্ছেন। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা ঘরে বাইরে কোথাও প্রচারণায় অংশ নিতে পারছেন না।”
পেট্রলবোমা, ককটেল দিয়ে মানুষ মেরে রাজনীতি হয় না উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, “বিএনপি অবরোধ তুলে নিয়েছে। দেরিতে হলেও তাদের বোধোদয় ঘটেছে। পেট্রোলবোমা নয়, মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটেছে।”
এর আগে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসক হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে বৈশাখী মেলা উদ্বোধনের সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, নেজারত ডেপুটি কালেক্টর শিহাব উদ্দিন, যুবলীগের যুগ্ম আহ্বায়ক শুশেন চন্দ্র শীল।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম








