News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২০, ২১ এপ্রিল ২০১৫
আপডেট: ০৬:৩০, ১৯ জানুয়ারি ২০২০

সিএসএফের বাড়াবাড়ির কারণেই হামলা হয়েছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

সিএসএফের বাড়াবাড়ির কারণেই হামলা হয়েছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা: বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী- সিএসএফের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে হামলার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “এ ঘটনায় আওয়ামী লীগের ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে মামলা করা হয়েছে। বিএনপি যদি মামলা করে তা গ্রহণ করবে পুলিশ এবং তদন্ত করে দোষীদের বিরদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপশি খালেদা জিয়া চাইলে তাকে পুলিশি নিরাপত্তা দেওয়া হবে। তিনি কোথাও যেতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।”

সোমবার রাতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গণমাধ্যমকে বলেছিলেন, কারো ওপরে হামলার কোনো ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় রাজধানীর কাওরান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে কালো পতাকা দেখিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

ওইদিন উত্তর সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে খালেদ জিয়া কাওরান বাজার যান। এসময় তিনি গাড়িতে দাঁড়িয়েই বক্তৃতা দিচ্ছিলেন। বক্তৃতার মিনিট খানেকের মাথায় বিভিন্ন ভবনের ছাদ থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এছাড়া লাঠিসোটা নিয়ে একদল যুবক গাড়িবহরে হামলা চালিয়ে ভাঙচুর করে।

হামলায় খালেদা বা তার গাড়ির কোনো ক্ষয়ক্ষতি না হলেও তার সঙ্গে থাকা ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের (সিএসএফ) গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

হামলার মুখে এফডিসির সামনের রাস্তা হয়ে মগবাজারের দিকে চলে যায় খালেদা জিয়ার গাড়িবহর।

এর আগে খালেদা বিকেল সাড়ে চারটার দিকে গুলশান কার্যালয় থেকে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বনানী ফ্লাইওভার, বিজয় সরণি হয়ে কারওয়ান বাজারের পেট্রোবাংলা ভবনের সামনে গিয়ে অবস্থান নেন।

হামলার শিকার হওয়ার আগে কারওরান বাজারে গাড়ি থেকে নেমে খালেদা জিয়া বলেন, “আমরা ভোট ও ভাতের অধিকার রক্ষার জন্য লড়ছি। আমাদের প্রার্থী তাবিথকে ভোট দিন। আমরা জিতলে সব গুণ্ডামির জবাব দেওয়া হবে।”

এই বক্তব্যের কিছুক্ষণ পরই খালেদা জিয়ার গাড়িবহর হামলার কবলে পড়ে।

নিউজবাংলাদেশ.কম/এফএ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়