খালেদার গাড়িবহরে হামলায় বিএনপির এজাহার
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে- এ অভিযোগে অজ্ঞাত ১০০ ব্যক্তিকে আসামি করে তেজগাঁও থানায় লিখিত অভিযোগ করেছে বিএনপি।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ লিখিত অভিযোগ দায়ের করেন খালদা জিয়ার প্রধান নিরাপত্তা সমন্বয়কারী মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। এজাহারটি ডিউটি অফিসার এসআই রমজান গ্রহণ করেছে। তবে এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত হয়নি। ওসি থানায় না থাকায় মামলাটি নথিভুক্ত করা যায়নি বলে এসআই বিএনপি প্রতিনিধি দলটিকে জানিয়েছে। ওসি থানায় আসার পর এব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।
এজাহারে আরো অভিযোগ করা হয়, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্দিষ্ট প্রার্থীর পক্ষে প্রচারণায় অপর একটি পক্ষের প্রতিযোগি মহলের গাত্রদাহ শুরু হয়েছে। তা থেকে আরো অন্যান্য রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে।’
এজাহারে শতাধিক অজ্ঞাত হামলাকারীদের আসামি করা হয়েছে।
বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে এ প্রতিনিধি দলে ছিলেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট মাসুম আহমেদ তালুকদারসহ চেয়ারপারসনের কয়েকজন নিরাপত্তা সদস্য।
মাহাবুব উদ্দিন খোকন বলেন, 'আমরা সোমবারে বেগম জিয়ার গাড়ি বহরে যে হামলা করা হয়েছে তার প্রেক্ষিতে মামলা করতে এসেছি। ডিউটি অফিসার আমাদের এজাহারটি গ্রহণ করেছেন। আমরা অভিযোগে বলেছি, গতকাল বেগম জিয়া কারওয়ান বাজারে ২০ দলের সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, তখন সরকার দলীয় কিছু লোক পুলিশের সামনেই তার গাড়িবহরে হামলা চালায় ও ভাংচুর করে।'
প্রসঙ্গত, বিএনপি সমর্থিত মেয়র প্রার্থৗ তাবিথ আউয়ালের পক্ষে বক্তব্য দেওয়ার একপর্যায়ে খালেদা জিয়ার গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে মারা হয়। এ ছাড়া লাঠি ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে বেশ কয়েকটি গাড়ির গ্লাস ভাঙে হামলাকারীরা। এতে চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ পাঁচজন আহত হন।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এফই
নিউজবাংলাদেশ.কম








