মির্জা আব্বাসের জামিন শুনানি ২৭ এপ্রিল
ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আগাম জামিন আবেদনের শুনানি ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার আইনজীবীদের সময় আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ১৫ এপ্রিল মির্জা আব্বাসের জামিন আবেদনের ওপর বিভক্ত রায় দেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ। জ্যেষ্ঠ বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী মির্জা আব্বাসের তিন সপ্তাহের জামিন মঞ্জুর করেন। কনিষ্ঠ বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর জামিন আবেদন খারিজ করে দিয়ে তাকে নিম্ন আদালতে দ্রুত আত্মসমপর্ণের নির্দেশ দেন।
পর দিন ১৬ এপ্রিল আবেদনটি শুনানির জন্য বিচারপতি সৈয়দ মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে একটি বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি এসকে সিনহা।
গত বছরের ২৮ ডিসেম্বর রাজধানীর পল্টন থানায় এবং চলতি বছরের ৪ জানুয়ারি মতিঝিল থানায় গাড়ি পোড়ানোর ঘটনায় পৃথক দুটি মামলা করে পুলিশ।
নিউজবাংলঅদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








