News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১২, ২০ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:৪৩, ১৯ জানুয়ারি ২০২০

গুণ্ডামির জবাব দেয়া হবে: খালেদা

গুণ্ডামির জবাব দেয়া হবে: খালেদা

ঢাকা: পুলিশের উপস্থিতিতে নিজের গাড়িবহরে সন্ত্রাসী হামলায় ভীষণ ক্ষুব্ধ হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার সন্ধ্যায় ছয়টার দিকে কাওরান বাজারের কাঁচাবাজার এলাকায় এক পথসভায় বক্তব্য রাখছিলেন খালেদা জিয়া। এ সময় অতর্কিতে তার গাড়িবহরে হামলা চালানো হয়।

হামলাকারীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, “তোমরা যারা সরকারের প্রশ্রয়ে গুণ্ডামি করছো, তোমাদের পরিণতি ভালো হবে না। আমরা জিতলে সব গুণ্ডামির জবাব দেওয়া হবে।”

তিনি বলেন, “এদেশ থেকে এখন গণতন্ত্র উঠে গেছে। এখন মানুষের ভোটের অধিকার নেই। অবৈধ খুনি অত্যাচারী সরকার মানুষের অধিকার কেড়ে নিয়েছে।”

খালেদা জিয়া বলেন, “তারা কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে নেই। কেবল চুরি চুরি আর চুরি করছে। আমরা ভোট ও ভাতের অধিকার রক্ষার জন্য লড়ছি। আমাদের প্রার্থী তাবিথকে ভোট দিন।”

এই চোরদের প্রতিহত করতে তরুণ প্রজন্মের নেতা তাবিথ আউয়ালকে ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহবান জানান খালেদা জিয়া।

উল্লেখ্য, কাওরান বাজারে খালেদা জিয়ার বক্তব্যের সময়ই বিভিন্ন ভবনের ছাদ ও বিভিন্ন স্থান থেকে ঢিল মারতে শুরু করে দুর্বৃত্তরা। এরপরই শুরু হয় লাঠি সোটা নিয়ে বেপরোয়া হামলা ও ভাঙচুর।

হামলার মুখে এফডিসির সামনের রাস্তা হয়ে মগবাজারের দিকে চলে যায় খালেদা জিয়ার গাড়িবহর।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশপাশের বিভিন্ন ভবনের ছাদ থেকে খালেদা জিয়ার গাড়িবহরের ওপর বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় কালো কাপড়ে মুখ বাঁধা ও লাঠির মাথায় কালো কাপড় বাঁধা একদল যুবক খালেদা জিয়ার গাড়িবহরের গাড়িগুলোতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।  

নিউজবাংলাদেশ.কম/আরআর/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়