এলজিইডিতে প্রতিমন্ত্রীর ঝটিকা সফর: ৯টা বাজতেই গেট বন্ধ, অনুপস্থিত ৩২%
ফাইল ছবি
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাইয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনুপস্থিতির উল্লেখযোগ্য চিত্র পান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (০৬ এপ্রিল) সকাল ৮টা ৫৫ মিনিটে তিনি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সরাসরি এলজিইডি কার্যালয়ে উপস্থিত হন। প্রতিমন্ত্রীর উপস্থিতিতে সকাল ৯টা বাজার সঙ্গে সঙ্গে অধিদপ্তরের সবগুলো প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, সরকার নির্ধারিত অফিস সময় সকাল ৯টা বাজার পর গেটগুলো বন্ধ করে দেওয়ায় অনেক কর্মকর্তা-কর্মচারী ভেতরে ঢুকতে না পেরে বাইরে আটকা পড়েন। আকস্মিক এই অভিযানে অনেককেই কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় গেটের সামনে ভিড় করতে দেখা যায়। প্রতিমন্ত্রী নিজেই গেটের বাইরে দাঁড়িয়ে অপেক্ষায় থাকা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং ভেতরে প্রতিনিধি পাঠিয়ে উপস্থিতির প্রকৃত তথ্য সংগ্রহ করেন। সংগৃহীত তথ্যে দেখা যায়, সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত অন্তত ৩২ শতাংশ কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে উপস্থিত হননি।
আরও পড়ুন: বৈশাখে ভারতে ইলিশ পাঠানো নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গভীর আক্ষেপ প্রকাশ করে বলেন, খোদ প্রধানমন্ত্রী এবং মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও উপ-সচিবসহ পদস্থ কর্মকর্তারা ৯টা-৪টার অফিস সূচি অক্ষরে অক্ষরে পালন করছেন। সেখানে সরকারের বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরে নির্ধারিত সময়ে অফিসে না আসার এই প্রবণতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ৩২ শতাংশ কর্মীর অনুপস্থিতি দাপ্তরিক শৃঙ্খলার ক্ষেত্রে উদ্বেগজনক।
প্রতিমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন যে, দাপ্তরিক কাজে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে এই ধরনের ঝটিকা সফর অব্যাহত থাকবে।
তিনি হুঁশিয়ারি প্রদান করে বলেন, ভবিষ্যতেও বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরে এভাবেই আকস্মিক পরিদর্শনে যাওয়া হবে। উপস্থিতির ক্ষেত্রে যেকোনো ধরনের ব্যত্যয় বা অবহেলা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্ধারিত সময়ের মধ্যে সরকারি সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতা পরিবর্তনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/পলি








