News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৫, ৪ এপ্রিল ২০২৬
আপডেট: ১৬:২০, ৪ এপ্রিল ২০২৬

রবিবার থেকে ৩০টি উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

রবিবার থেকে ৩০টি উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। ছবি: সংগৃহীত

দেশে বর্তমানে হামে আক্রান্ত শিশু ছাড়া ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (৫ এপ্রিল) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এই বয়সসীমার সব শিশুকেই টিকা দেওয়া হবে। আগে টিকা নেওয়া থাকলেও পুনরায় টিকা নিতে কোনো সমস্যা নেই বলে বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, বর্তমানে অসুস্থ বিশেষ করে হাম বা জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, রোববার থেকে দেশের যেসব এলাকায় হামের প্রকোপ বেশি, সেসব ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। তবে শুধু ওই উপজেলাতেই সীমাবদ্ধ না থেকে পর্যায়ক্রমে দেশের সব শিশুদের টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে সরকারের।

মন্ত্রী জানান, এই কর্মসূচির আওতায় আসা অধিকাংশ শিশু ২০২০ সালের ডিসেম্বরের জাতীয় টিকাদান ক্যাম্পেইনের পর জন্মগ্রহণ করেছে, ফলে তারা টিকা পায়নি—এমনটাই ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

রবিবার থেকে শুরু হওয়া কর্মসূচির আওতায় থাকা উপজেলাগুলোর মধ্যে রয়েছে- রাজশাহীর গোদাগাড়ী, ঢাকার নবাবগঞ্জ, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর; ঝালকাঠির নলছিটি; ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর; চাঁদপুরের হাইমচর ও সদর; বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ; পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া; নওগাঁর পোরশা; গাজীপুর সদর; নেত্রকোনার আটপাড়া; শরীয়তপুরের জাজিরা; বরগুনা সদর; মাদারীপুর সদর; কক্সবাজারের মহেশখালী ও রামু; চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট; নাটোর সদর এবং যশোর সদর।

নিউজবাংলাদেশ.কম/এসবি/এনডি 

সর্বশেষ

পাঠকপ্রিয়