News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১০, ৬ এপ্রিল ২০২৬

বৈশাখে ভারতে ইলিশ পাঠানো নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

বৈশাখে ভারতে ইলিশ পাঠানো নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষ্যে ভারতে সৌজন্য হিসেবে ইলিশ পাঠানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সরকার প্রধান তথা প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (০৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সরকারের এই অবস্থানের কথা জানান। 

এ সময় তিনি স্পষ্ট করেন যে, সরকার বাণিজ্যিকভাবে কোনো ইলিশ রপ্তানি করে না; প্রতিবেশী দেশে যা পাঠানো হয় তা একান্তই সৌজন্যমূলক উপহার হিসেবে বিবেচিত।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ইলিশ সম্পদ সংরক্ষণ ও এর উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে আগামীকাল মঙ্গলবার (০৭ এপ্রিল) থেকে দেশজুড়ে শুরু হচ্ছে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬’। ১৩ এপ্রিল পর্যন্ত নির্ধারিত এই কর্মসূচি দেশের মোট ২০টি জেলায় একযোগে পালিত হবে। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে চাঁদপুরে। জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুত করা থেকে বিরত থাকতে জনসাধারণের প্রতি জোরালো আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এ সময় সাগর থেকে শুরু করে স্থানীয় বাজার পর্যন্ত কড়া নজরদারি ও প্রশাসনিক তদারকি চালানো হবে।

আরও পড়ুন: আজ প্রথম একনেক সভা, তারেক রহমানের নেতৃত্বে আসছে ১৭ প্রকল্প

ইলিশের দুষ্প্রাপ্যতা ও মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের বিষয়ে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সরকার ইলিশের উৎপাদন বাড়াতে বহুমুখী উদ্যোগ নিয়েছে। জলাশয় ও নদ-নদীতে ইলিশের অবাধ বিচরণ ও বংশবিস্তার নিশ্চিত করতে পারলে সরবরাহ বহুগুণ বৃদ্ধি পাবে। সরবরাহ বাড়লে স্বাভাবিকভাবেই বাজারদর নিয়ন্ত্রণে আসবে এবং ইলিশ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালে পৌঁছাবে। উৎপাদন বাড়ানোকেই মূল্য হ্রাসের প্রধান হাতিয়ার হিসেবে দেখছেন তিনি।

একই সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জেলেদের জীবনমান ও সহায়তা প্রসঙ্গে কথা বলেন। 

তিনি জানান, জাটকা সংরক্ষণের সময়ে ক্ষতিগ্রস্ত জেলেদের খাদ্যসহ প্রয়োজনীয় অন্যান্য সরকারি সহায়তা প্রদান করা হবে। জাটকা শিকার থেকে বিরত থাকা জেলেদের জন্য বরাদ্দকৃত এই আর্থিক ও খাদ্য সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

দেশের মৎস্য সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সাধারণ নাগরিক ও জেলে সম্প্রদায়ের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা কামনা করা হয়েছে এই সংবাদ সম্মেলন থেকে। 

মন্ত্রীর মতে, জাটকা রক্ষা পেলে ইলিশের সোনালী দিন ফিরে আসবে এবং দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়েও সম্পদ সুরক্ষা সহজতর হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়