News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৫, ৩ এপ্রিল ২০২৬

সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত গাড়ি ঋণ ও বিদেশ প্রশিক্ষণ বন্ধ

সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত গাড়ি ঋণ ও বিদেশ প্রশিক্ষণ বন্ধ

ফাইল ছবি

সরকারি পরিচালন ব্যয় হ্রাসের লক্ষ্যে বড় ধরনের সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এখন থেকে উপসচিব ও তদূর্ধ্ব পর্যায়ের সরকারি কর্মকর্তারা গাড়ি কেনার জন্য আর সুদমুক্ত ঋণ সুবিধা পাবেন না। একইসাথে সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক প্রশিক্ষণও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার চতুর্থ বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। 

শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

‘প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা, ২০২০’ অনুযায়ী এতদিন উপসচিব থেকে তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তারা গাড়ি কেনার জন্য সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ সুবিধা পেয়ে আসছিলেন। মন্ত্রিসভার নতুন সিদ্ধান্তের ফলে এই সুবিধা আর বহাল থাকছে না। 

আরও পড়ুন: কমলো অফিসের সময়, দোকান ও মার্কেট সন্ধ্যা ৬টার পর বন্ধ

উল্লেখ্য, এই নীতিমালার আওতায় সংশ্লিষ্ট কর্মকর্তারা কেবল ঋণই নয়, গাড়ির রক্ষণাবেক্ষণ ও চালকের বেতনের জন্য প্রতি মাসে ৫০ হাজার টাকা করে ভাতা পেতেন এবং প্রতি বছর ১০ শতাংশ হারে অবচয় সুবিধাও কার্যকর ছিল।

মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারের পরিচালন ব্যয় কমাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের জন্য সুদমুক্ত ঋণ প্রদান বন্ধ থাকবে। একই সঙ্গে সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক প্রশিক্ষণও স্থগিত করা হয়েছে।

এ ছাড়া ব্যয় সংকোচনের অংশ হিসেবে অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় (প্রশিক্ষণ ব্যয় ছাড়া) ৫০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। সভা ও সেমিনারে আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ, সেমিনার ও কনফারেন্স ব্যয় ২০ শতাংশ এবং ভ্রমণ ব্যয় ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়