হরমুজ প্রণালী পারাপারে অনুমতি পেলো বাংলাদেশের ৬ জাহাজ
ছবি: সংগৃহীত
আটকে পড়া বাংলাদেশের ছয়টি জাহাজকে হরমুজ প্রণালী পারাপার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। জাহাজগুলো দেশে ফেরাতে ঢাকা ও তেহরান যৌথভাবে কাজ করছে।
বুধবার (১ এপ্রিল) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী।
তিনি বলেন, বাংলাদেশিদের ফেরাতে সহযোগিতা করায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তবে যুদ্ধ ইস্যুতে বাংলাদেশের বিবৃতিতে ইরানের কিছু অসন্তোষ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, বাংলাদেশ আমাদের ভাইপ্রতিম দেশ। দুর্দিনে একে অপরের পাশে থাকা প্রত্যাশিত।
চলমান সংঘাত প্রসঙ্গে ইরানি রাষ্ট্রদূত বলেন, এটি শুধু ইরানের বিরুদ্ধে নয়, বরং মুসলিম উম্মাহর বিরুদ্ধে যুদ্ধ। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই সংঘাতের জন্য দায়ী করে বলেন, ওমানের মধ্যস্থতায় আলোচনা চলাকালীন সময়েই এ যুদ্ধ শুরু হয়।
তিনি আরও অভিযোগ করেন, যুদ্ধের নামে বেসামরিক স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান এবং নারী-শিশুদের ওপর হামলা চালানো হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল।
রাষ্ট্রদূত দাবি করেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করেই ইরান হামলা চালাচ্ছে এবং এতে ১৪টি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক ও প্রযুক্তিগত লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন: আমিরাতে ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত
হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান সতর্ক রয়েছে জানিয়ে তিনি বলেন, বৈশ্বিক এই গুরুত্বপূর্ণ নৌপথে নিজেদের অবস্থান ধরে রাখতে তেহরান কাজ করছে।
এ সময় জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা নিয়েও সমালোচনা করেন ইরানি রাষ্ট্রদূত। তার দাবি, এসব সংস্থা শক্তিশালী দেশগুলোর প্রভাবমুক্ত নয় এবং কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি/এনডি








