জামায়াত নেতার ছেলে রিফাতের রিমান্ড স্থগিত
ঢাকা: ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খানের ছেলে রিফাত আব্দুল্লাহ খানের রিমান্ড স্থগিত করেছেন হাইকোর্ট।
এর আগে তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় বিচারিক আদালত তাকে রিমান্ডে দিয়েছিলেন।
বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন।
গত রোববার রিমান্ড বাতিলের আবেদন করেছিলেন রিফাতের আইনজীবীরা।
আজ রিফাতের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মুহাম্মদ আলী এবং আইনজীবী ইউসুফ আলী।
আদালত তার আদেশে বলেন, রিফাতের বিরুদ্ধে চলা পাঁচ দিনের রিমান্ড আদেশ স্থগিত করা হোক। তবে শিশু আইনের ৪৭ ধারায় তার বাবা-মা অথবা আত্মীয়-স্বজন এবং আইনজীবীর সামনে তাকে জিজ্ঞাসাবাদ করা যাবে।
প্রসঙ্গত, তথ্যপ্রযুক্তি আইনে করা একটি মামলায় পাঁচদিনের রিমান্ডে রিফাতকে বর্তমানে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। সে আদেশের তিন দিন চলছে।
রিফাত এবারের এসএসসি পরীক্ষার সময় গ্রেপ্তার হয়। এর আগে অন্য এক মামলায় তাকে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে
নিউজবাংলাদেশ.কম








