আব্বাসের জামিন নিয়ে দ্বিধাবিভক্ত রায়
ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের জামিন আবেদনের শুনানি শেষে দ্বিধাবিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট।
আজ শুনানি শেষে পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা গাড়ি পোড়ানো মামলায় আব্বাসকে তিন সপ্তাহের জামিন দেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী। কিন্তু বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর এতে দ্বিমত প্রকাশ করেন।
শাহবাগ থানায় করা দুদকের মামলায় জামিন আবেদনের শুনানি এখনও হয়নি।
নিয়ম অনুযায়ী মির্জা আব্বাসের এই জামিন আবেদন এখন প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি এ আবেদন শুনানির জন্য তৃতীয় বেঞ্চ গঠন করে দেবেন।
মির্জা আব্বাসের বিরুদ্ধে পল্টন ও মতিঝিল থানায় গাড়ি পোড়ানোর অভিযোগে মামলা রয়েছে। অন্যদিকে শাহবাগ থানায় রয়েছে দুদকের মামলা।
আদালতে আজ মির্জা আব্বাসের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে
নিউজবাংলাদেশ.কম








