সাংবিধানিক ও জনগুরুত্বপূর্ণ শুনানি সরাসরি সম্প্রচারে রুল
ফাইল ছবি
সুপ্রিম কোর্টে দায়ের করা জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলাগুলোর শুনানি সরাসরি সম্প্রচার (লাইভ স্ট্রিমিং) করার বিষয়ে নির্দেশনা কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২০ মে) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রুলে বলা হয়েছে, সুপ্রিম কোর্টে চলমান বা ভবিষ্যতে উত্থাপিত জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিকভাবে তাৎপর্যপূর্ণ মামলাগুলোর শুনানি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা নিতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা সংশ্লিষ্টদের ব্যাখ্যা দিতে হবে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আইন মন্ত্রণালয়ের সচিব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: ডিএসসিসি গেজেটের ভাগ্য নির্ধারণে শুনানি চলছে
এই রুলের পেছনে রয়েছে চলতি বছরের ২৭ জানুয়ারি দায়ের করা একটি রিট। সুপ্রিম কোর্ট ও জজ কোর্টের আইনজীবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীসহ মোট ১০ জন নাগরিক এই রিটটি দায়ের করেন। রিটকারীরা হলেন—অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, মিজানুন হক, আব্দুল্লাহ সাদিক, আমিনুল ইসলাম শাকিল, জায়েদ বিন আমজাদ, শাহনেওয়াজ সাকিব, মাহমুদুল হাসান, সাব্বির হাসান, হাবিবুর রহমান আল হাসান, রাফিউর রাব্বি এবং শামিম শাহিদি।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ সাদ্দাম হোসেন।
শিশির মনির বলেন, তথ্য জানার অধিকার আইন দ্বারা স্বীকৃত এবং সংবিধানের ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী স্বচ্ছ বিচার একটি মৌলিক অধিকার। পৃথিবীর বহু দেশে সুপ্রিম কোর্ট বা সাংবিধানিক আদালতের গুরুত্বপূর্ণ মামলার শুনানি সরাসরি সম্প্রচার করা হয়। বাংলাদেশেও এই ধরনের উদ্যোগ স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করবে।
আদালত আগামী ২৬ জুন পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেছেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








