ফাঁসি নিয়ে মন্তব্য
বুয়েট শিক্ষকের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা
ঢাকা: ফেসবুকে জামায়াতের নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির নিয়ে সমালোচনা করে মন্তব্য করায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে মামলাটি করা হয়। বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন বুয়েট শাখা ছাত্রলীগ নেতা সিয়াম হোসেন।
আদালত মামলা প্রসঙ্গে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে এজাহার হিসেবে গণ্য করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, দীপু সরকার নামের একজন ‘বুয়েটে আড়ি পেতে শোনা’ নামে একটি ফেসবুক গ্রুপে গত শনিবার রাত ১০টা ২৫ মিনিটে ‘কামারুজ্জামানের ফাঁসি কার্যকর’ শিরোনামে একটি অনলাইন সংবাদমাধ্যমের সংবাদ শেয়ার করেন।
সেখানে চন্দ্রনাথ নামের একজন প্রথমে ‘জয় বাংলা’ লিখে মন্তব্য করেন। এর নিচে জাহাঙ্গীর আলম রাত ১১টা ৪৬ মিনিটে ‘জয় মা কালী, জয় ইন্ডিয়া’ ও পরে সংশোধন করে ‘জয় ইন্ডিয়া, জয় মাসল পাওয়ার, জয় পলিটিকস’ লিখে মন্তব্য করেন।
ফেসবুকে অন্যরা এ কথার ব্যাখ্যা চাইলে জাহাঙ্গীর আলম বিভিন্ন সময়ে লেখেন, ‘জয় বাংলা শুধু একটি দলকেই উপস্থাপন করে, জয় বাংলাদেশ বলুন। এটা অরাজনৈতিক। জয় বাংলা দুটি দেশকে উপস্থাপন করে।’ সবশেষে তিনি আরেকটি মন্তব্য করেন, ‘কারেক্টেড: জয় ইন্ডিয়া, জয় মাসল পাওয়ার, জয় নেসটি পলিটিকস, জয় ইনজাস্টিস (সংশোধিত: ভারত, পেশিশক্তি, কদর্য রাজনীতি ও অবিচারের জয়)’।
উল্লেখ্য, ১১ এপ্রিল রাত ১০টা ৩০ মিনিটে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হয়।
নিউজবাংলাদেশ.কম/একেএ/এমএম
নিউজবাংলাদেশ.কম








