এলজিইডির পাঁচ প্রকৌশলীকে দুদকের জিজ্ঞাসাবাদ
ঢাকা: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পাঁচ প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে দুপুর থেকে বিকেল পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টচার্য্য সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানসহ অন্যান্যদের বিরুদ্ধে নিয়োগ ও বদলি বাণিজ্য এবং অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়।
যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন, এলজিইডি সদর দফতরের সহকারী প্রকৌশলী এ এফ এস কে নজরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুর রহমান প্রামাণিক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মহসীন, প্রকল্প পরিচালক (সিডিএসপি-৪) মোহাম্মদ রেজাউল করিম ও উপজেলা প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এটিএস
নিউজবাংলাদেশ.কম








