মোদির হাতে প্যারোট লেডিকে তুলে দিলেন হার্পার
খাজুরাহো মন্দিরের ৯শ’ বছরের একটি পুরোনো মূর্তির মালিকানা ফেরত পেল ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার বেলে পাথরের এই মূর্তিটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
কানাডা সফররত মোদি বুধবার ‘প্যারোট লেডি’ নামে ওই নারী মূর্তিটি বুঝে নিয়ে
হার্পারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। অন্যদিকে, সঠিক মালিকের কাছে মূর্তিটি ফিরিয়ে দিতে পেরে হার্পারও আনন্দ প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত ৪২ বছরের মধ্যে প্রথমবারের মতো কোন ভারতীয় প্রধানমন্ত্রীর এই কানাডা সফর বিশেষভাবেই উল্লেখযোগ্য। ইতিমধ্যেই কানাডা থেকে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের তিন হাজার টন ইউরেনিয়াম ক্রয় সংক্রান্ত এক চুক্তিও সই করেছেন মোদি। তিনদেশে সফরাভিযানে মোদি ফ্রান্স ও জার্মানির পর বুধবার সকালে কানাডায় পৌঁছান।
কানাডার নিউজ সাইট ‘দ্যস্টার ডটকম’ জানিয়েছে, ‘প্যারোট লেডি’ নামের মূতির্টি রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার পর ২০১১ সালে এটি উদ্ধার করে কানাডার পুলিশ। পরে গত চার বছর মূর্তিটি কানাডার পার্লামেন্টের লাইব্রেরিতে সংরক্ষণ করে রাখে দেশটির কর্তৃপক্ষ।
‘দ্যস্টার ডটকম’ আরো জানায়, উধাও হয়ে যাওয়া এই নারী-মূর্তিটি যে ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়, তিনি কানাডার পুলিশকে কোন নথি দেখাতে না পারায় মূর্তিটি জব্দ করে কানাডা। এরপর ভারতের সঙ্গে যোগাযোগ করে তখনই মূর্তিটি ভারতকে ফিরিয়ে দেয়ার বিষয়ে কানাডার কথা হয়।
অবশেষে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে কানাডার পার্লামেন্টের লাইব্রেরিতেই দেশটির প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার ‘প্যারোট লেডি’ আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
কাঁধে একটি তোতাপাখি নিয়ে নৃত্যরত ভঙ্গিতে এক নারীর এ মূর্তিটি প্রায় ৯শ’ বছরের পুরোনো ঐতিহ্য বহন করছে। ভারতের মধ্যপ্রদেশের ইউনেস্কো অধীনস্ত খাজুরাহো মন্দিরের মূর্তিটি সম্পূর্ণ বেলে পাথরের তৈরি।
মোদি মূর্তিটি ফিরিয়ে দেওয়ায় হার্পারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এর মধ্য দিয়ে কানাডা এবং ভারতের সম্পর্ক আরো দৃঢ় হল।
উল্লেখ্য, কানাডার অটোয়া শহর থেকে বৃহস্পতিবারই মোদির টরেন্টোতে যাওয়ার কথা রয়েছে। সেখানে রিক কলিসিয়ামে বক্তৃতা করবেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








