সাতশ অভিবাসী নিয়ে সাগরে নৌকাডুবি
আফ্রিকা থেকে অবৈধভাবে ইউরোপে যাওয়ার সময় ভূমধ্যসাগরে সাতশ অভিবাসী নিয়ে ফের ডুবে গেছে একটি ইঞ্জিনচালিত নৌকা। লিবিয়ার উপকূলে এ ঘটনায় শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার স্থানীয় সময় মধ্যরাতে নৌকাটি ডুবে যায় বলে বিবিসি জানিয়েছে।
লিবিয়ার জলসীমায় ইতালীয় পেলাগি দ্বীপপুঞ্জের লামপেডুসা থেকে প্রায় একশ’ ২০ মাইল দক্ষিণে এ নৌকাডুবির ঘটনা ঘটে। ইতালির উদ্ধারকারী জাহাজ ও মাল্টার নৌবাহিনীর জাহাজ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শেষ খবর পাওয়া পর্যন্ত, ২৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান গেছে।
প্রসঙ্গত, এর আগে গত মঙ্গলবারও ভূমধ্যসাগরে সাড়ে পাঁচশ অবৈধ অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবে যায়। এতে কমপক্ষে ৪০০ জন প্রাণ হারান।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বলেছে, ভূমধ্যসগারে আজ পর্যন্ত যতো দুর্ঘটনা ঘটেছে, তার মধ্যে এটি সবচেয়ে মর্মান্তিক।
জানা গেছে, উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে ২০টির মতো জাহাজ ও তিনটি হেলিকপ্টার। এছাড়া উপকূল রক্ষী, কাস্টমসের জাহাজ এমনকি মাছ ধরার ছোট ছোট নৌকাও উদ্ধারকাজে সহযোগিতা করছে।
সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে পাড়ি দেওয়ার ঘটনা সম্প্রতি বেড়েছে ব্যাপক হারে। আর এভাবে সাগর পাড়ি দিতে গিয়ে এ বছরই প্রাণ হারিয়েছেন দেড় হাজারের মতো মানুষ।
নিউজবাংলাদেশ.কম/এসজে/এজে
নিউজবাংলাদেশ.কম








