সাদ্দামের ঘনিষ্ঠ সহযোগী ইজ্জত ইব্রাহিম নিহত
ঢাকা: ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ঘনিষ্ট সহযোগী পলাতক ইজ্জত ইব্রাহিম আল দৌরি (৭২) নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। তিনি সাম্প্রতিককালে ইরাক সরকারের সঙ্গে যুদ্ধরত সুন্নি বিদ্রোহী গ্রুপের শীর্ষস্থানীয় ব্যক্তি ছিলেন।
ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন শুক্রবার এ খবর দিয়েছে।
ইরাকি কর্তৃপক্ষ বলছে, বাগদাদের উত্তরে সালাউদিদ্দন প্রদেশে অভিযানে তিনি নিহত হয়েছেন।
দৌরি বিদ্রোহী নকশববন্দি আর্মির নেতৃত্ব দিচ্ছিলেন। মিলিটারি অ্যানালাইসিস ওয়েবসাইট বলছে, নকশবন্দি আর্মি আইসিসকে সমর্থন করে।
শিয়া মিলিশিয়া কমান্ডার হাদি আল আমেরি বলেছেন, তিকরিত ও কিরকুকের মধ্যবর্তী স্থানে হামরিন পর্বতে ইরাকি নিরাপত্তা বাহিনী ও শিয়া মিলিশিয়াদের অভিযানে দৌরি নিহত হয়েছেন। তবে তার সমর্থকরা এমন দাবি নাকচ করে দিয়েছেন।
সালাহউদ্দিন প্রদেশের গভর্নর রায়াদ আল জুবৌরিও ইব্রাহিম আল দৌরির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি ইরাকি টেলিভশনকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
অপর একটি শিয়া মিলিশিয়া গ্রুপের মুখপাত্র ইউসুফ আল খিলাবি রাষ্ট্রীয় টেলিভিশনে সাক্ষাতকারে বলেছেন, শুক্রবার দৌরির মরদেহ বাগদাদে আনা হয়েছে। তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে ডিএনএ পরীক্ষার রিপোর্ট পাওয়ার কথা।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








