ইয়েমেন থেকে আরও ১৩৬ বাংলাদেশি উদ্ধার
ঢাকা: যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেন থেকে আরও ১৩৬ বাংলাদেশিকে নিরাপদে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ। বুধবার ইয়েমেনের হোদায়দা বন্দর থেকে বাংলাদেশিদের জাহাজে তোলা হয় এবং তারা বৃহস্পতিবার নিরাপদে আফ্রিকার দেশ জিবুতিতে পৌঁছায়।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উদ্ধার হওয়া ১৩৬ বাংলাদেশির মধ্যে পাঁচ নারী ও চার শিশু রয়েছে। বর্তমানে জিবুতিতে অবস্থানরত কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আসহাব উদ্দিন সমুদ্র বন্দরে বাংলাদেশিদের গ্রহণ করেন। জিবুতি অবস্থানকালে তাদের খাবার, আশ্রয় এবং অন্যান্য সরঞ্জামের ব্যবস্থা করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তাদের জিবুতি থেকে ঢাকায় নিয়ে আসা হবে ২০ এপ্রিল। ফ্লাইটের সময়সূচি পরে জানানো হবে।
সংশ্লিষ্টরা বলছেন ইয়েমেনে প্রায় ৩ হাজার বাংলাদেশি রয়েছেন। কিন্তু অনেক দেরিতে তাদের উদ্ধারের উদ্যোগ গ্রহণ করায় এখন পর্যন্ত খুব কমসংখ্যক বাংলাদেশিকে ইয়েমেন থেকে সরিয়ে আনা সম্ভব হয়েছে। যদিও ভারত অনেক আগেই তাদের সব নাগরিককে ইয়েমেন থেকে সরিয়ে নিয়ে তাদের উদ্ধার অভিযান শেষ করেছে। ভারত এখন বাংলাদেশসহ ২৬টি দেশের অনুরোধে সাড়া দিয়ে ওই সব দেশের নাগরিকদের উদ্ধারে সহায়তা করছে।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম








